কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে পালাবদলের পর প্রথম রাজ্য পুলিশের নিয়োগ। দেবীপক্ষ শুরু হতেই নবনিযুক্ত পুলিশ কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নিয়োগের কৃতিত্ব বিজেপি নেওয়ার চেষ্টা করছে বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, রাজ্যে পুলিশে নিয়োগের পুরো প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সম্পূর্ণ হয়েছিল। সেই সময় বিভিন্ন আইনি বাধা তৈরি করে নিয়োগ আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ।
সোমবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ বলেন, বর্তমানে যাঁরা নিয়োগপত্র হাতে পাচ্ছেন, তাঁরাও জানেন যে এই নিয়োগ প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন করে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, সেই সময় একাধিক আইনি বাধার মাধ্যমে নিয়োগের পথে বাধা তৈরির চেষ্টা হয়েছিল। সেই বাধা টেকেনি। বরং নিয়োগ এগোতে। অবশেষে এখন তার নিয়োগপত্র দেওয়া হচ্ছে। বর্তমানে নিয়োগপত্র পাওয়া চাকরিপ্রার্থীদের প্রসঙ্গ টেনে বিজেপির কৃতিত্ব দাবি নিয়েও কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, যাঁরা নিয়োগপত্র পাচ্ছেন, তাঁরাও মনে মনে বলছেন, ‘Thnx Didi।’।
সোমবার ১১ হাজার হাজার রাজ্য পুলিশের নিয়োগপত্র দেন শুভেন্দু অধিকারী। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে পুলিশবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। নিয়োগের পর পুজোর ডিউটিতেও নামানো হবে নতুন পুলিশকর্মীদের, জানালেন তিনি। এর পাশাপাশি থানাগুলিতে উচ্চপদস্থ আধিকারিক, ক্লার্ক ইত্যাদিও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
এমনকি মুখ্যমন্ত্রীর আশ্বাস, দুই বছরের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ উত্তরপ্রদেশের থেকে বেশি থাকবে পুলিশের সংখ্যায়। শুধু নিয়োগ নয়, পুলিশের কাজের পরিকাঠামো উন্নত করার দিকেও নজর দিয়েছে রাজ্য। মহিলা পুলিশকর্মীদের জন্য পিঙ্ক আরটি মোবাইল এবং পিঙ্ক সাপোর্ট মোবাইল দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের জন্য ৩,৫০০টি বডি ক্যামেরা দেওয়ার কথাও জানিয়েছেন ডিজিপি।