বরফে মোড়া বামন গ্রহ প্লুটো আবারও চমকে দিল বিজ্ঞানীদের,বরফের ফাটল দিয়ে পৃষ্ঠতলে উঠে আসছে তরল নাইট্রোজেন। ২০১৫ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘নিউ হরাইজন্স’ মহাকাশযানের পাঠানো ছবি দেখে নতুন করে বিশ্লেষণ শুরু করেন গবেষকরা তাতেই পাওয়া যায় এই চঞ্চল্যকর তথ্য।
প্লুটোর টেক্সাস ও ওকলাহোমার আয়তনের চেয়েও বড় সুবিশাল নাইট্রোজেন হিমবাহ ‘স্পুটনিক প্ল্যানিশিয়া’র উত্তর প্রান্তে এই ভৌগোলিক পরিবর্তন ঘটছে। ছবিতে দেখা গেছে কিছু চওড়া ও সরু অন্ধকার দাগ।
বিজ্ঞানীদের মতে, এই দাগগুলো মূলত তরল নাইট্রোজেন দ্বারা সিক্ত হওয়ার লক্ষণ। প্ল্যানেটারি সায়েন্স জার্নাল-এ প্রকাশিত এই গবেষণায় প্লুটোর বিজ্ঞানী ও পৃথিবীর হিমবাহ বিশেষজ্ঞরা একযোগে কাজ করেছেন।
পৃথিবীর হিমবাহে জল জমলে বা নিচের জল উপরে উঠে এলে যেমন ভেজের দাগ তৈরি হয়, প্লুটোর দাগগুলো ঠিক তেমনই। তবে প্লুটোর চরম শীতল পরিবেশ ও বায়ুমণ্ডলের কারণে সেখানে নাইট্রোজেনের বৃষ্টি হওয়া অসম্ভব। ফলে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে, তরল নাইট্রোজেন আসলে বরফের গভীর থেকে ফাটল বেয়ে ওপরে উঠে আসছে।