নিউজ ডেস্ক: উৎসব শেষের বিষাদের সুর। ঢাকের কাঠিতে বিদায়ের তাল আর চারপাশের একটাই সুর ‘গণপতি বাপ্পা মোরিয়া’। কিন্তু এই চিরাচরিত কোলাহলের ভিড়ে হঠাৎ থমকে গেল একটি দৃশ্য। নিয়ম মেনে বাপ্পা ফিরবেন কৈলাসে কিন্তু অবুঝ কচি মন কি আর অত নিয়ম বোঝে?
আচার-নিয়মের সীমানা পেরিয়ে ঈশ্বরের সঙ্গে যখন বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, তখন বিদায়বেলাটা হয়ে ওঠে একান্তই বেদনার। গণেশ পুজোর শেষে ঠিক তেমনই এক খাঁটি ভালোবাসার চিত্র সামনে এল সামাজিক মাধ্যমে।
এক্সে সম্প্রতি একটি দৃশ্য নজরে এসেছে, যা সাধারণ বিসর্জনের চেনা ফ্রেমের চেয়ে অনেকটাই আলাদা। উৎসব শেষের আলো-আঁধারিতে যখন বাড়ির বাপ্পাকে বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে, তখনই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের খুদে। ছোট ছোট হাতে প্রিয় প্রতিমাকে ছুঁয়ে থাকা আর চোখ বেয়ে জল পড়ার সেই মুহূর্ত দেখিয়ে মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।
দেখুন: https://x.com/Vijaybharat143/status/2100468752550674561?s=20
ভগবান যেন হয়ে উঠেছে তার সাথি আর সাথি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলেই নিষ্পাপ মনগ আর কান্না চেপে রাখতে পারেনি।মুহূর্তটির অকৃত্রিম সারল্য দাগ কেটেছে লক্ষাধিক দর্শকের মনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন, ধর্ম বা ভক্তির জটিল তত্ত্বের ঊর্ধ্বে যে সরল মমতা থাকে, তা কেবল শিশুদের চোখেই দেখা সম্ভব। উৎসবের জাঁকজমক ও ঢাকের আওয়াজ মিলিয়ে গেলেও, এই খুদেদের চোখের জল আর তাদের বাপ্পার প্রতি নিঃস্বার্থ টান যেন নতুন করে মনে করিয়ে দিল ভালোবাসার আসল রূপটি ঠিক কেমন হয়।