কাকদ্বীপে কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তোলার ঘটনায় বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে এক আইপিএস-সহ পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ডের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, তৃণমূল সরকারের সময় বিভিন্ন জায়গায় পুলিশকে অপপ্রয়োগ করা হয়েছে। বিশেষ করে মা কালীকে যেভাবে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, তা সনাতন ধর্মের আস্থার প্রতি আঘাত। সেদিকেই নজর রেখেই এহেন সিদ্ধান্ত বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি একাধিক ঘটনার বিচারবিভাগীয় ও বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে পুলিশের ক্ষমতার অপব্যবহার হয়েছে। বিশেষ করে কাকদ্বীপে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলার ঘটনাকে তিনি “সনাতন ধর্মের আস্থার প্রতি আঘাত” বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, “এদের ব্যবস্থা হবে, আরও অন্যায়ের প্রতিকার হবে। আমার উপর আস্থা রাখুন।”
কালিয়াগঞ্জের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গভীর রাতে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে পুলিশ যায় এবং দরজা খোলার পর তাঁকে গুলি করা হয়। এই ঘটনায় এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তের মৃত্যুর ঘটনাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বড়তলা থানায় দীর্ঘ সময় ধরে মানসিক হেনস্তার শিকার হয়েছিলেন পঙ্কজ দত্ত। এই ঘটনায় তদন্তকারী অফিসার সাধন দাস এবং বড়তলা থানার আইসি সুবর্ন দত্ত চৌধুরীকে সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি।
গত বছরের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ ও কর্তব্যরত ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ওই ঘটনায় ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করার পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বিক্ষোভ এবং পরবর্তী পুলিশি পদক্ষেপের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আইপিএস কোটেশ্বর রাওয়ের নেতৃত্বে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করা হয় এবং পরে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আইপিএস কোটেশ্বর রাওকেও সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিক ঘটনায় পুলিশকর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, অন্যায়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।