নিউজ ডেস্ক: দিল্লি পুলিশ কনট প্লেসের গুরুদ্বার ‘বাংলা সাহেবে’র ভিতরে ঢুকে, সেখানে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীকে টেনেহিঁচড়ে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ। এবার গুরুদ্বারে পুলিশের প্রবেশ নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা যাতে গুরুদ্বারে আশ্রয় নিতে না পারেন, সেই উদ্দেশ্যে আজ 'বাংলা সাহেব' গুরুদ্বারে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
মহুয়া মৈত্র তাঁর পোস্টে আরও লেখেন, 'ভারতে কোনও সরকার গুরুদ্বারে পুলিশ পাঠানোর পর ক্ষমতায় টিকে থাকতে পারেনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে পোস্টের শেষে লেখেন, ‘মোদী, আপনার সময় এসে গিয়েছে।’ দিল্লিতে বিক্ষোভ ঘিরে চলা উত্তেজনার আবহে মহুয়া মৈত্রের এই পোস্ট নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।
CJP-র ডাকা ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচির মূল দাবিগুলির মধ্যে রয়েছে জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইনে পরিবর্তন। এই কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। দিল্লিতে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগেই দলের শীর্ষ নেতৃত্বকে আটক করার অভিযোগ তুলে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হল ককরোচ জনতা পার্টি (CJP)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার আটকের ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করেছে সংগঠনটি।
CJP-র অভিযোগ, পরিকল্পিতভাবেই এই পদক্ষেপ করা হয়েছে, যাতে প্রতিবাদস্থলে পৌঁছনোর আগেই নেতৃত্বকে কর্মসূচি থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। শনিবার বিমানে দিল্লিতে পৌঁছনোর পরই তিন নেতাকে আটক করা হয় বলে অভিযোগ। এরপর তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে রাতভর ৪০০-র বেশি মানুষকে আটক করেছে পুলিশ। তাঁদের আটকের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে CJP। অন্যদিকে, সুপ্রিম কোর্ট থেকে যন্তর মন্তরের দিকে মিছিল করার চেষ্টা করা কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়েছিল। কিন্তু তাঁদের মুক্তি দিতে প্রশাসনকে নির্দেশ দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে আইনজীবীদের আটকের বিষয়টি জানায়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আটক আইনজীবীদের মুক্তির কথা জানান প্রধান বিচারপতি।
