নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিগামী বিমান নির্ধারিত সময়ের তুলনায় বারবার পিছিয়ে যাওয়ায় প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার উদ্দেশে এমনটাই বার্তা দেন তিনি। এক্স হ্যান্ডলে কুণাল ঘোষ লিখেছেন, ‘দিল্লির বিমান ছিল বিকেল ৩টেয়। এরপর জানানো হয় সেটি বিলম্বিত হয়ে পৌনে ৪টে হয়েছে। এখন বলা হল, সেটি সাড়ে ৪টা হয়েছে। এরপর আরও কতবার কতটা বিলম্বিত হবে, জানা নেই। দিদির দিল্লি পৌঁছে যা যা কর্মসূচি ছিল, সে সব দেরি করাতেই কি শুরু থেকে এ সব চেষ্টা? যা নিয়ে কার্যত প্রশ্ন তোলেন কুণাল ঘোষ।
প্রসঙ্গত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাদের দাবিতে উত্তাল দিল্লি। রাজপথে নেমেছে বিরোধীরা। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং SIR নিয়ে দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল-সহ বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বৃহস্পতিবার রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন। বাড়ি থেকে বেরনোর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচনের কারচুপি নিয়ে সরব হন মমতা।
দিল্লি রওনা দেওয়ার আগে মমতা বলেন, 'আমাকে যেতে বলা হয়েছে, তাই আমি যাচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম, আমি যাব না, অভিষেককে পাঠাব। কিন্তু তাঁরা আমাকে যেতে অনুরোধ করেছেন এবং আমার নামও পাঠানো হয়েছে। যেহেতু আন্দোলন চলছে, তাই এই পরিস্থিতিতে আমি যদি তাঁদের পাশে না থাকি, সেটা ঠিক দেখাবে না। বিশেষ করে বাংলার মানুষও চাইছেন আমি যাই।'
গত দু’দিন ধরে দিল্লির রাজপথে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন কংগ্রেস নেতৃত্ব-সহ অন্যান্য বিরোধী দলের সদস্যও। বুধবার দিল্লিতে (Delhi) বিক্ষোভ চলাকালীন পুলিশকর্মীদের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। কংগ্রেস নেতানেত্রীদের পাশাপাশি, বিক্ষোভে অংশ নেওয়া বিভিন্নি দলের কর্মীদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। এই বিষয় নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিল্লি জুড়ে তো অত্যাচার চলছে। আন্দোলনকারীরা যেখানে বাধা পাবেন, সেখানেই বসে যাবেন। পুলিশ যত অত্যাচার করবে, তত গর্জন বাড়বে। তত প্রতিবাদের ভাষা বাড়বে। কোনও আন্দোলনকারীর প্রতিবাদের ভাষা এ ভাবে বন্ধ করে দেওয়া যায় না।’




