নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের আবহে ফের পরমাণু হামলার হুঁশিয়ারি রাশিয়ার। এ বার সরাসরি পশ্চিমি দেশগুলিকে সতর্ক করলেন রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান তথা প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তাঁর দাবি, ইউক্রেন এবং ন্যাটো-র একাধিক পদক্ষেপ এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে মস্কো প্রতিরোধমূলক পরমাণু হামলার কথা বিবেচনা করতে পারে। শুধু তাই নয়, পশ্চিমের দেশগুলি যদি গোপনে ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করে, তা হলে রাশিয়ার পাল্টা পরমাণু হামলা চালানোর যথেষ্ট কারণ তৈরি হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মেদভেদেভের এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মস্কোর আন্তর্জাতিক আইন বিষয়ক একটি পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে এই মন্তব্য করেছেন মেদভেদেভ। প্রবন্ধটির শিরোনাম ‘স্টেট সভরেনটি অ্যান্ড নিউক্লিয়ার ওয়েপনস: ইন্টারন্যাশনাল লিগ্যাল অ্যাসপেক্টস অফ এনশিওরিং ন্যাশনাল সিকিউরিটি’। সেখানে তাঁর বক্তব্য, বিপুল মাত্রায় প্রচলিত অস্ত্রের ব্যবহার যদি ভয়াবহ বিপর্যয় ডেকে আনে, তা হলে রাশিয়ার সামনে প্রতিরোধমূলক পরমাণু হামলার বিকল্প খোলা থাকতে পারে। তাঁর অভিযোগ, ইউক্রেন এবং পশ্চিমি দেশগুলি ইতিমধ্যেই এমন কিছু পরিস্থিতি তৈরি করেছে, যার জেরে রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করতে হচ্ছে।
মেদভেদেভের বক্তব্য, পশ্চিমের দেশগুলি যদি গোপনে বা আড়ালে ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করে, তা হলে রাশিয়া প্রতিরোধমূলক পরমাণু হামলা চালাতে পারে। তাঁর দাবি, বিভিন্ন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার তো রয়েছেই, বরং রাশিয়ার সেই অস্ত্র ব্যবহারের বাধ্যবাধকতাও তৈরি হতে পারে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্থিতির সব দিক খতিয়ে দেখবেন। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং পাল্টা পদক্ষেপের আনুপাতিকতা বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মেদভেদেভের এই মন্তব্যের তাৎপর্য আরও বেড়েছে মহাকাশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের সম্ভাবনা ঘিরে নতুন জল্পনায়। জার্মানির সংবাদমাধ্যমগুলির এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মস্কো একটি পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ‘স্পুটনিক-এস’ নামে ওই উপগ্রহটি চলতি বছরের শেষের দিকে কক্ষপথে পাঠানো হতে পারে বলে পশ্চিমি গোয়েন্দা সংস্থাগুলির মূল্যায়ন। কয়েকটি ন্যাটো সদস্য দেশের সঙ্গে এই গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া হয়েছে বলেও দাবি।
জার্মান সংবাদমাধ্যম এনডিআর, ডব্লিউডিআর এবং সংবাদপত্র ‘জ়ুডডয়েচে সাইটুং’-এর অনুসন্ধান অনুযায়ী, উপগ্রহটি কয়েক বছর ধরেই মস্কো অঞ্চলে মজুত রয়েছে। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে সেটিকে মহাকাশে পাঠানো সম্ভব হতে পারে। উপগ্রহটির উদ্দেশ্য নিয়ে উদ্বেগের কারণ, সেটি কেবল নজরদারি বা যোগাযোগের কাজে নয়, বরং মহাকাশে থাকা অন্য উপগ্রহগুলিকে অকেজো বা ধ্বংস করার মতো ক্ষমতাসম্পন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন এই ধরনের অস্ত্র এত বিপজ্জনক? বিশেষজ্ঞদের মতে, মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটলে তার প্রভাব কোনও একটি দেশের সামরিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পৃথিবীর কক্ষপথে থাকা বিপুল সংখ্যক কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে জিপিএস, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা, আবহাওয়ার পূর্বাভাস, বিমান চলাচল, ব্যাঙ্কিং লেনদেন এবং জরুরি পরিষেবার উপরেও বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সামরিক উপগ্রহের পাশাপাশি বাণিজ্যিক ও বেসরকারি সংস্থার উপগ্রহগুলিও বিপদের মুখে পড়তে পারে।
এই পরিস্থিতিতে জার্মানির উদ্বেগ প্রকাশ করেছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পরে তিনি বলেন, মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের সম্ভাবনা নতুন নয়, কিন্তু সেই সম্ভাবনা এখনও যথেষ্ট উদ্বেগজনক। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ রাশিয়ার সংঘাতকে আরও বড় মাত্রায় নিয়ে যাওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিতে পারে।
রুটে অবশ্য জানিয়েছেন, স্থল, সমুদ্র, আকাশের পাশাপাশি মহাকাশেও ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। জোটের প্রতিটি সদস্য দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। অন্য দিকে, জার্মানির প্রতিরক্ষা মন্ত্রক গোয়েন্দা তথ্যের গোপনীয়তার কারণ দেখিয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি। তবে মহাকাশে বিভিন্ন দেশের সামরিক তৎপরতার উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
রাশিয়ার তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। জার্মানিতে রুশ দূতাবাসের দাবি, পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠানোর খবর ভিত্তিহীন এবং এটি রাশিয়ার বিরুদ্ধে প্রচার অভিযানের অংশ। মহাকাশে রাশিয়ার সমস্ত কর্মকাণ্ড আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনেই এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয় বলেও দাবি করেছে মস্কো।
উল্লেখ্য, ১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র বা অন্য কোনও গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ। রাশিয়াও এই চুক্তির অংশীদার। ফলে সত্যিই যদি পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়, তা হলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্ন উঠবে। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া ও পশ্চিমের সংঘাত যখন ক্রমশ জটিল হচ্ছে, তখন মেদভেদেভের পরমাণু হামলার হুঁশিয়ারি এবং মহাকাশে অস্ত্র মোতায়েনের এই জল্পনা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।




