ক্ষুদেদের আবদার ছিল বিরিয়ানি খাওয়ার। আর এই আবদার মতই স্কুলের মিড ডে মিলের বিশেষ মেনুতে পড়ুয়াদের পাতে পরল বিরিয়ানি। এমনই চমকে দেওয়া ঘটনা ঘটলো মথুরাপুরের চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। পড়ুয়াদের আবদার মেনে মিড-ডে মিলে বিশেষ মেনু হিসেবে পরিবেশন করা হল চিকেন বিরিয়ানি। আর পাতে বিরিয়ানি পড়তেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে খুদে পড়ুয়ারা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শেখর হালদার জানান, প্রতিদিন একই ধরনের খাবার দেওয়া হতো খুদেদের। সেই স্বাদের বদল আনতে সপ্তাহে একটা দিন পড়ুয়াদের পছন্দ অনুযায়ী বিশেষ মেনুর উদ্যোগ নেওয়া হয়। কখনও ডিম, কখনো মাছ, কখনও মাংস। পড়ুয়াদের পছন্দ মত সেই খাবার বানানো হয়। এবার সেই তালিকায় নতুন সংযোজন হলো বিরিয়ানি। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের কাছে বিরিয়ানি খাওয়ার আবদার করেছিল। আর সেই ইচ্ছাকেই গুরুত্ব দিয়ে এই বিশেষ আয়োজন করা হয়।
এই উদ্যোগের ফলে খুশি পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকেরাও। তাঁদের কথায় পড়াশোনার পাশাপাশি শিশুদের পছন্দ-অপছন্দের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখেন শিক্ষকেরা। এর ফলে স্কুলে যাওয়ার প্রতি পড়ুয়াদের আগ্রহ ক্রমশই বাড়ছে। এতে পড়াশোনার মানোন্নয়ন হচ্ছে। তাই বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা।
মথুরাপুরের প্রত্যন্ত এলাকার এই বিদ্যালয়ে একদিনের বিরিয়ানি ভোজন শুধু খাওয়া দাওয়া নয় এটি পড়ুয়াদের কাছে একটি উৎসব হয়ে উঠেছে।




