স্পোর্টস ডেস্ক: একদিকে সোনা জিতে ইতিহাস গড়ছেন ভারতীয় শ্যুটার নীরু ধান্ডা (Neeru Dhanda)। অন্যদিকে তাঁর সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করলেন কোচ। ছাত্রীর সোনা নিশ্চিত হতেই আনন্দ আর ধরে রাখতে পারলেন না ব্রিটিশ কোচ পিটার উইলসন। ছাতা ভেঙে ফেলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সেই অবিস্মরণীয় দৃশ্যই এখন ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। মঙ্গলবার এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপ শ্যুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়েছেন ২৬ বছরের নীরু। তাঁর ২৮টি নিখুঁত নিশানায় নিশ্চিত হয়েছে স্বর্ণ পদক। আর সেই জয়ের মুহূর্তে কোচের এমন উদ্যাপন নজর কেড়েছে গোটা দুনিয়ার ক্রীড়াপ্রেমীদের।
নাগোয়ায় প্রতিযোগিতার ফাইনালে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন নীরু। প্রতিকূল আবহাওয়া আর বৃষ্টির মধ্যে ভালো করে দেখা যাচ্ছিল না কিছুই। তবু লক্ষ্যভ্রষ্ট হননি তিনি। ফাইনালে ৩০টি লক্ষ্যের মধ্যে ২৮টিতে নিশানা ভেদ করেন হরিয়ানার এই শ্যুটার। দ্বিতীয় স্থানে থাকা ২৬টি লক্ষ্যভেদ করে রুপো জেতেন চিনের সান ইউনং। ২১টি নিশানা ভেদ করে ব্রোঞ্জ পান কুয়েতের আব্দুলমালিক হাজর। নীরু শেষ নিশানাটি ভেদ করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কোচ উইলসন। আনন্দে ছাতা ভেঙে ফেলেন তিনি। তার পর ছুটে গিয়ে জড়িয়ে ধরেন শিষ্যাকে। নীরুর গায়ে জড়িয়ে দেন ভারতের জাতীয় পতাকা।
https://x.com/TheKhelIndia/status/2104834034933358899
নীরুর এই সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে অভিজ্ঞ কোচ উইলসনের। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রিটেনের হয়ে ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন তিনি। পরে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে পুরুষদের ট্র্যাপ শ্যুটিংয়ে নাথন হেলসকে সোনা জিততেও সাহায্য করেন। ভারতীয় শ্যুটিং দলের জাতীয় ট্র্যাপ কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নীরুর সঙ্গে তাঁর জুটি ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। এশিয়াডের আগেই ইতালির লোনাতোয় বিশ্বকাপে ট্র্যাপ শ্যুটিংয়ে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে নজির গড়েছিলেন নীরু। সেই প্রতিযোগিতাতেও জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি।
এশিয়ান গেমসে নীরুর সোনা জয় ভারতীয় শ্যুটিংয়ের ইতিহাসেও গুরুত্বপূর্ণ। ৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতলেন তিনি। এর আগে ১৯৭৮ সালের ব্যাংকক এশিয়াডে রণধীর সিং ট্র্যাপ শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন। ২০১০ সালের গুয়াংঝৌ এশিয়াডে রঞ্জন সোধি পুরুষদের ডাবল ট্র্যাপে সোনা পান। নীরুর হাত ধরে এ বার মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপে প্রথম এশিয়াড পদক পেল ভারত। একই দিনে আশিমা আহলাওয়াট ও মনীষা কীরের সঙ্গে দলগত বিভাগে রুপোও জিতেছেন নীরু।
