ব্রাজিল জার্সিতে দীর্ঘ ১৬ বছরের অধ্যায়ে অবশেষে ইতি টেনেই ফেললেন নেইমার জুনিয়র। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিরুদ্ধে সান্তোসের ৪-২ জয়ের পর নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সি এই তারকা। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হারের পর থেকেই তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচটিই হয়ে রইল ব্রাজিলের হয়ে নেইমারের শেষ ম্যাচ।
অবসরের ঘোষণা করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন নেইমার। জানান, জাতীয় দলের হয়ে খেলার সময় কখনওই নিজের সেরাটা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করেননি তিনি। তাঁর কথায়, "জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অসংখ্য সুখের মুহূর্ত পেয়েছি। দেশের হয়ে খেলতে গিয়ে নিজের রক্ত, জীবন, সবকিছু উজাড় করে দিয়েছি। হলুদ জার্সির জন্য সবসময় লড়েছি। কিন্তু এ বার থামার সময় এসেছে।"
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই অবসর নিলেন নেইমার। ফিফা বিশ্বকাপের পাশাপাশি কোপা আমেরিকা এবং অলিম্পিকের মঞ্চেও দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে ব্রাজিল ফুটবলের অন্যতম মুখ হিসেবে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
এখন থেকে নেইমারের সম্পূর্ণ মনোযোগ থাকবে তাঁর ক্লাব সান্তোসের হয়ে খেলায়। একইসঙ্গে সম্প্রতি ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের সমালোচনা ও ভয় দেখানোর অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত সেই দাবিকে গুরুত্ব না দিয়ে নেইমারের স্পষ্ট দাবি, ক্লাবের ভিতরে এমন কোনও ঘটনার সত্যতা নেই।