নিট প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এই অবস্থায় কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদকে মিছিলের অনুমতি দিল না হাই কোর্ট। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের নির্ধারিত সূচি মতোই পদ্মপুকুরে জমায়েত শুরু করে কালীঘাটপন্থী তৃণমূল। অনুমতি ছাড়া জমায়েতের অভিযোগে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়কে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। তারপরে পদ্মপুকুরে তৃণমূলের জমায়েতে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। যা নিয়ে উত্তেজনা ছড়ায় পদ্মপুকুর এলাকায়।
শনিবার সিআইটি রোডের পদ্মপুকুর এলাকা থেকে নিট বিরোধী মিছিল করার জন্য পুলিশের অনুমতি চেয়ে আবেদন করেছিল কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদ৷ যদিও সেই অনুমতি দেয়নি পুলিশ৷ মিছিলের অনুমতি চেয়ে এর পর কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল ছাত্র পরিষদ৷ সেই আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য৷ তৃণমূল ছাত্র পরিষদকে মিছিলের অনুমতি দেয়নি হাইকোর্টও৷
হাই কোর্টের এই নির্দেশ প্রকাশ্যে আসার পরেই পদ্মপুকুর থেকে জমায়েত সরাতে শুরু করে পুলিশ। জমায়েত সরিয়ে দিতে চেষ্টা করলে দু পক্ষের মধ্যে শুরু হয় বচসা৷ ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুমতি ছাড়া জমায়েতের অভিযোগে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লালবাজারে নিয়ে যায় পুলিশ। পরে স্কুটিতে চেপে লালবাজারের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ডেরেক- দোলারা লালবাজারে পৌঁছলেও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য লালবাজারে আসেননি৷ লালবাজারের বদলে কালীঘাটের বাড়ির দিকে রওনা দেন তৃণমূলনেত্রী৷