স্পোর্টস ডেস্ক: ব্রিটেনের রাজার দরবারে হাজিরা দিয়েছিলেন বাবর আজমরা। উল্লেখযোগ্যভাবে তার কিছু পরেই দলের ৭ ক্রিকেটার এবং দুই কোচকে দেশে ফেরত পাঠিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিলেত সফরের মাঝপথে এমন সিদ্ধান্তই এখন হাসির খোরাক ব্রিটিশ ক্রিকেটমহলে। পারফরম্যান্স খারাপের কারণ দেখিয়ে একসঙ্গে এত জনকে সফর থেকে সরিয়ে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে নজিরবিহীন বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা। তাঁদের মতে, পাকিস্তান ক্রিকেট প্রশাসনের এই সিদ্ধান্ত দলের অস্বস্তিকর পরিস্থিতিকে আরও প্রকাশ্যে এনে দিয়েছে।
সূত্র: https://x.com/AhmadRana056/status/2097301755935739924
প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ফিল টাফনেল সিদ্ধান্তটিকে সরাসরি ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, ক্রিকেটারদের ভুলের শাস্তি হিসেবে সফরের মাঝপথে তাঁদের বিমানে তুলে দেশে পাঠিয়ে দেওয়া অত্যন্ত অপমানজনক। টাফনেলের মতে, অতীতে কোনও ক্রিকেটারকে শৃঙ্খলাভঙ্গ বা অন্য কোনও গুরুতর কারণে সফর থেকে সরিয়ে দেওয়ার নজির থাকলেও, সাধারণ মানের ক্রিকেট খেলার জন্য একসঙ্গে এত জনকে ফেরত পাঠানো সম্পূর্ণ অন্য পর্যায়ের ঘটনা। তাঁর কথায়, সফরের প্রায় দুই-তৃতীয়াংশ বাকি থাকতেই ক্রিকেটারদের বলা হচ্ছে—‘এ বার তোমরা দেশে ফিরে যাও’।
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও পাকিস্তান বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, সাধারণতঃ কোনও সফরের মাঝপথে এক-দু’জন ক্রিকেটারকে কোনও শৃঙ্খলাভঙ্গের কারণে দেশে পাঠানোর ঘটনা দেখাই যায়। কিন্তু এ ক্ষেত্রে ৭ জন ক্রিকেটার ও দুই কোচকে শুধু গড়পড়তা ক্রিকেটের জন্য সরিয়ে দেওয়া হয়েছে।
প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড, মাইকেল আথারটন এবং অ্যালিস্টার কুকও পাকিস্তানের ক্রিকেট প্রশাসন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এমন সিদ্ধান্ত দলের ওপর আরও চাপ তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে।
সবচেয়ে বেশি ব্যঙ্গের জন্ম দিয়েছে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের সাক্ষাৎ। সফরের মাঝপথে কয়েক জনকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হলেও তার আগে তাঁদের রাজা চার্লসের সঙ্গে দেখা করতে পাঠানো হয়। ব্রিটেনের এক প্যানেল আলোচনায় সেই প্রসঙ্গ উঠতেই শুরু হয় রসিকতা।
একজন বলেন, রাজদরবারে হাজির হওয়ার পরই যদি কয়েক জন ক্রিকেটারকে দেশে ফিরতে হয়, তা হলে পরিস্থিতিটা বেশ অদ্ভুত। আরেক সদস্য মজা করে বলেন, রাজা হয়তো বাবরদের দেখে জিজ্ঞাসাই করে বসতেন—‘তুমি কি দেশে ফিরে যাচ্ছ? কী ভুল করেছ?’ পাকিস্তানের ইংল্যান্ড সফর তাই এখন মাঠের ফলাফলের পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও প্রবল চর্চায়।