কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ইসলামাবাদের আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিল সে দেশের সুপ্রিম কোর্ট। তাঁর শারীরিক অবস্থার অবনতির অভিযোগ তুলে পরিবার এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দীর্ঘ দিন ধরেই হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছিল। মঙ্গলবার সেই দাবিতেই সিলমোহর দিল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। চিকিৎসকেরা তাঁকে সুস্থ বলে ঘোষণা না করা পর্যন্ত, অথবা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৭৩ বছরের ইমরান গত ২০২৩ সালের অগাস্ট থেকে জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হয়েছে। যদিও তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে একের পর এক মামলায় ফাঁসানো হয়েছে।
ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে গত কয়েক মাস ধরে সরব তাঁর পরিবার ও দল। আদালতে জমা পড়া তথ্য অনুযায়ী, চোখের গুরুতর সমস্যার কারণে তাঁর দৃষ্টিশক্তির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ ওঠে। পরিবারের দাবি ছিল, জেলের পরিবর্তে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা প্রয়োজন।
ইমরানকে হাসপাতালে পাঠানোর দাবিতে এর আগে সুপ্রিম কোর্টে আবেদনও করা হয়েছিল। গত ১ অগস্ট প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি সেই আবেদনের শুনানি দ্রুত করার নির্দেশ দিয়েছিলেন। অবশেষে মঙ্গলবার শীর্ষ আদালতের নির্দেশে জেল থেকে হাসপাতালে যাওয়ার পথ খুলল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। পিটিআই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, তবে দলের বক্তব্য, ইমরানের চিকিৎসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল।