নিউজ ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় নিজের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পর্যাপ্ত চিকিৎসা না পেলে জেলেই তাঁর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে জরুরি চিকিৎসার ব্যবস্থা এবং কারাগারে জীবনযাত্রার উন্নতির দাবিতে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে চিঠি পাঠিয়েছেন ৭৪ বছর বয়সি এই প্রাক্তন প্রধানমন্ত্রী।
২০২৩ সালের অগস্ট থেকে বন্দি রয়েছেন ইমরান খান। তাঁর আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে এই চিঠি পাঠানো হয়েছে। আদিয়ালা জেলে তাঁর চিকিৎসা ও বন্দি অবস্থার বিষয়ে আদালতের আগের নির্দেশগুলি কার্যকর করার আবেদন জানিয়েছেন তিনি।
চিঠিতে ইমরান লিখেছেন, '৭৪ বছর বয়সে এই লাগাতার পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না।' গত সপ্তাহে আদিয়ালা জেলে তাঁর সঙ্গে দেখা করার পর ১৬ নভেম্বর আইনজীবী ব্যারিস্টার সলমন সফদর চিঠিটি প্রকাশ্যে আনেন।
ইমরানের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাকী বন্দি থাকা এবং অন্য মানুষের সঙ্গে স্বাভাবিক যোগাযোগের সুযোগ না পাওয়ায় তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। স্ত্রী বুশরা বিবির সঙ্গে নির্ধারিত সাক্ষাৎও বারবার বাতিল করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এমনকী আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ।
নিজের শারীরিক অবস্থা নিয়ে চিঠিতে একাধিক উদ্বেগের কথা জানিয়েছেন ইমরান। তাঁর দাবি, রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তাঁর হৃদ্যন্ত্রেরও ইতিমধ্যে ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। দুর্নীতির মামলায় ২০২৫ সালের জানুয়ারি থেকে বন্দি বুশরা। ইমরানের দাবি, গত এপ্রিলে তাঁর স্ত্রীর চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছিল। কিন্তু তারপরেও তাঁকে একাকী বন্দি রাখা হয়েছে এবং চিকিৎসক ও মেডিক্যাল রিপোর্ট দেখার সুযোগ দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, জেল কর্তৃপক্ষের দাবি, গত সপ্তাহে চোখ পরীক্ষা করানোর জন্য ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরীক্ষা শেষে তাঁকে ফের জেলে ফিরিয়ে আনা হয়। এর আগে গত অগস্টে সুপ্রিম কোর্ট তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল বলে জানা গিয়েছে।
ইমরান জানিয়েছেন, তিনি কোনও বিশেষ সুবিধা চাইছেন না। আদালতের নির্দেশ মেনে নিজের এবং স্ত্রীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করাই তাঁর দাবি।
উল্লেখ্য, ২০২১ সালে সৌদি যুবরাজের দেওয়া বুলগারি গয়নার সেট সংক্রান্ত তোশাখানা-২ মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আরও একাধিক মামলার মুখোমুখি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) বরাবরই এই মামলাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। ইমরানের সাম্প্রতিক চিঠি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে তাঁর চিকিৎসা, কারাগারের পরিস্থিতি এবং পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা নিয়ে।




