নয়াদিল্লি: প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি জানান, শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। দেশজুড়ে পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে চলা বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রীর এই বার্তা সামনে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা প্রশ্নফাঁসের মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে, যাতে দোষীদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা যায়।
এদিন সামাজিক মাধ্যমেও প্রধানমন্ত্রী একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতর এবং আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করতে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনে কংগ্রেস, আম আদমি পার্টি এবং শিবসেনা (ইউবিটি)-সহ একাধিক বিরোধী দল সমর্থন জানিয়েছে। বিরোধীদের অভিযোগ, শুধু আশ্বাস নয়, প্রশ্নফাঁস রোধে কার্যকর ব্যবস্থা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক মহলের নজর এখন শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের দিকে, যেখানে সরকারের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হতে পারে।