নয়াদিল্লি: আলো-ঝলমলে মঞ্চ। সামনে Gen Z-র ভিড়। মঞ্চে উঠেছে ‘হানুমান অংশ’ ছবির জনপ্রিয় ভজন ‘পার্বতী’। আর সেই তালে হাততালি দিতে দিতে তাল মেলাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনও দর্শকদের সঙ্গে গলা মেলাচ্ছেন, কখনও আবার হাতে তুলে নিচ্ছেন খঞ্জরি। শুক্রবার দিল্লির এক ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানের এমনই ভিডিয়ো শনিবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠান। নাম ‘ভজন ক্লাবিং’। প্রচলিত ধর্মীয় সঙ্গীতের সঙ্গে আধুনিক কনসার্টের পরিবেশকে মিলিয়ে তরুণ প্রজন্মের কাছে ভজনকে নতুন ভাবে তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য। লাইভ মিউজিক, আলো, আধুনিক মঞ্চসজ্জা এবং ছন্দের সঙ্গে ভক্তিগীতিকে মিলিয়ে তৈরি হয়েছে এক অন্য রকম পরিবেশ।
https://x.com/nabilajamal_/status/2103507684553326603?s=20
সেই অনুষ্ঠানেই গায়ক সাধু তিওয়ারি পরিবেশন করেন ‘হানুমান অংশ’ ছবির জনপ্রিয় গান ‘পার্বতী’। গানটি শুরু হতেই দর্শকদের সঙ্গে তাল মেলাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। ভিডিয়োয় তাঁকে হাততালি দিতে এবং খঞ্জরি বাজাতে দেখা গিয়েছে। পরে নিজের সমাজমাধ্যমে অনুষ্ঠানের ভিডিয়ো শেয়ার করে মোদী লেখেন, ‘‘ভজন ক্লাবিং ইন দিল্লি। স্পেকট্যাকুলার!’’
‘পার্বতী’ গানটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে যথেষ্ট জনপ্রিয়। গানটির মাধ্যমে শিব-পার্বতীর পৌরাণিক কাহিনিকে বুন্দেলখণ্ডী লোকসঙ্গীতের ঢঙে তুলে ধরা হয়েছে। কাহিনির কেন্দ্রে পার্বতীর শিবকে স্বামী হিসেবে পাওয়ার সংকল্প এবং তাঁকে সিদ্ধান্ত বদলাতে বোঝাতে সপ্তর্ষিদের আগমন। গানটির কথা, দেশি সুর এবং সাধু তিওয়ারির কণ্ঠ—সব মিলিয়ে সেটি তরুণ প্রজন্মের মধ্যেও আলাদা করে জায়গা করে নিয়েছে।
গত কয়েক সপ্তাহে ‘পার্বতী’কে ঘিরে সমাজমাধ্যমে একের পর এক নাচ, রিল এবং সৃজনশীল ভিডিয়ো তৈরি হয়েছে। এমনকি গানটিকে কেন্দ্র করে এআই-নির্মিত ভিডিয়োও ছড়িয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গানটি ইউটিউবে 100 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
এই জনপ্রিয়তার আবহেই দিল্লির ‘ভজন ক্লাবিং’-এ প্রধানমন্ত্রীর উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানে ছিলেন ‘হানুমান অংশ’-এর অভিনেতা শোভিনাও সত্যও। প্রধানমন্ত্রীর গান উপভোগ করার মুহূর্ত নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি।
‘ভজন ক্লাবিং’ আসলে তরুণদের মধ্যে বাড়তে থাকা একটি নতুন সাংস্কৃতিক প্রবণতা। প্রচলিত ভজনের পরিবেশকে কনসার্টের আবহে নিয়ে এসে নাচ, গান এবং সমবেত অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে। মদ্যপানহীন এই ধরনের অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীতকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে তরুণদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
আর সেই মঞ্চেই Gen Z-র সঙ্গে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী। ‘পার্বতী’র তালে হাততালি, খঞ্জরির ছন্দ—দিল্লির সেই মুহূর্তের ভিডিয়ো এখন সমাজমাধ্যমের নজরে।
