নিউজ ডেস্ক: পুজোর কাউন্টডাউন শুরু হতেই আবহাওয়া নিয়ে স্বস্তির বার্তা মিলছে। ধীরে ধীরে রাজ্য থেকে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই বৃষ্টির প্রবণতা আরও কমতে পারে। ফলে পুজোর দিনগুলিতে বৃষ্টির দাপট অনেকটাই কম থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। টানা কয়েক দিন বৃষ্টিহীন পরিবেশ, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাওয়া এবং উত্তর ভারত থেকে অপেক্ষাকৃত শুষ্ক হাওয়া প্রবেশ—এই পরিস্থিতিই বর্ষা বিদায়ের ইঙ্গিত দিচ্ছে।
এদিকে রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গের উপকূলীয় কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতাতেও আপাতত বড়সড় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। রবিবার বেলা বাড়ার সঙ্গে আকাশ আংশিক মেঘলা হয়ে দু-এক পশলা হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিও বজায় থাকবে।
উত্তরবঙ্গেও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। যদিও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
সব মিলিয়ে পুজোর আগে রাজ্যে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার দিকেই এগোচ্ছে পরিস্থিতি। ৮ থেকে ১৫ অক্টোবর দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে।