নিউজ ডেস্ক: রনজি ট্রফিতে টানা জয়ের ছন্দে বড় ধাক্কা খাওয়ার মুখে বাংলা। মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে কার্যত কোণঠাসা অভিমন্যু ঈশ্বরণের দল। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হওয়ার পর বোলাররা লড়াইয়ে ফেরালেও ব্যাটারদের ব্যর্থতায় ফের বিপাকে বঙ্গব্রিগেড। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার সংগ্রহ ৪ উইকেটে ৭৬ রান। প্রথম ইনিংসের ৭৫ রানের ঘাটতি মিটিয়ে আপাতত লিড মাত্র ১। ফলে ম্যাচ বাঁচানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ লক্ষ্মীরতন শুক্লার দলের।
তৃতীয় দিনের খেলা বৃষ্টি ও খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। মহারাষ্ট্র আগের দিনের ৯ উইকেটে ২০৪ রান নিয়ে ব্যাট করতে নেমে আরও ১৪ রান যোগ করে। ২১৮ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। তনয় সাঙ্ঘাভি অপরাজিত থাকেন ৬০ রানে। বাংলার হয়ে দুরন্ত বোলিং করেন মহম্মদ শামি। ৩৭ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। মহম্মদ কাইফের শিকার তিন উইকেট। শাহবাজ আহমেদ ও সুরজ সিন্ধু জয়সওয়ালও তিনটি করে উইকেট নেন।
কিন্তু ব্যাট করতে নেমে ফের হতাশ করেন বাংলার ব্যাটাররা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন মাত্র ৯ রান। সুদীপ ঘরামি ১২ এবং সুদীপ চট্টোপাধ্যায় শূন্য রানে ফেরেন। অঙ্কুর পাল কিছুটা লড়াই করে ৩২ রান করেন। দিনের শেষে ক্রিজে রয়েছেন অভিষেক পোড়েল। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫৪ রান। দ্বিতীয় ইনিংসেও এখন তিনিই বাংলার প্রধান ভরসা।
ম্যাচ বাঁচাতে বৃহস্পতিবার পোড়েলকে বড় ইনিংস খেলতেই হবে। পাশাপাশি অন্য ব্যাটারদেরও উইকেট কামড়ে পড়ে থাকতে হবে। বাংলার সামনে লক্ষ্য অন্তত ১৫০-১৬০ রানের লিড তৈরি করা। তবে বর্তমান পরিস্থিতিতে সেই কাজ অত্যন্ত কঠিন। ড্র করতে পারলেও এক পয়েন্ট পাবে বাংলা। আর হারলে পুরো পয়েন্ট হাতছাড়া হবে। তাই শেষ দিনে পোড়েলের ব্যাটের দিকেই তাকিয়ে বঙ্গ ক্রিকেটপ্রেমীরা।




