নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশকে নিয়ে সে রাজ্যের বাসিন্দাদের গর্বের শেষ নেই। তবে এ বার যে ঘটনা ঘটল তাতে হাসি চাপতে পারলেন না স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই। কারণ এ বার উত্তরপ্রদেশের গোরখপুরকে স্পেনের সঙ্গে তুলনা করলেন দিলেন বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ। শনিবার বশারতপুরে নবনির্মিত কল্যাণ মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বেফাঁস মন্তব্য করেন তিনি। মুহূর্তেই হাসিতে রোল ওঠে মঞ্চে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে। যার মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
গোরখপুরের উন্নয়ন নিয়ে কথা বলেছিলেন রবি। ভোজপুরিতে বক্তব্য রাখছিলেন তিনি। গোরখপুরের উন্নয়ন নিয়ে তিনি এতটাই উচ্ছ্বসিত যে এক সময় বলে ফেলেন, ‘‘আমার তো এই শহরকে স্পেন বলেই মনে হয়। একেবারে স্মার্ট সিটি। কারণ, আমি সব জায়গাই দেখে নিয়েছি।" এরই সঙ্গে আরও নাটকীয়ভাবে জুড়ে দেন, ‘‘আমার তো মনে হয়, তোমরা সবাই অন্ধ! তা হলে আর আমি কী করব?" তাঁর এই মন্তব্যে মুহূর্তেই বদলে যায় সভার পরিবেশ। নাটকীয় ভঙ্গিতে গোরখপুরকে রবি 'স্পেন' বলায় সভাটি কার্যত পরিণত হয় হাসির আসরে। তাতে যোগ দেন স্বয়ং মুখ্যমন্ত্রীও।
সূত্র: https://x.com/Benarasiyaa/status/2093780894633091496
যোগী ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সঞ্জয় নিষাদ। তিনি এবং সেই সঙ্গে অনুষ্ঠানের সঞ্চালিকাও হাসি সামলাতে পারেননি রবির চূড়ান্ত নাটকীয় এই মন্তব্য। মুহূর্তটির ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে, এবং যথারীতি ভাইরাল। কেউ সাংসদ-অভিনেতার কথার ধরণ নিয়ে মজা করেছেন, তো কেউ আবার প্রশ্ন তুলেছেন তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়েই।
অন্যদিকে ভাইরাল ভিডিওটি ঘিরে সমালোচনাও নেহাত কম হচ্ছে না। নেটাগরিকদের একাংশের দাবি, রাজনীতি এবং অভিনয় জগৎ দুটো সম্পূর্ণ আলাদা। তাই নামী অভিনেতা মানেই যে তিনি রাজনীতিতেও কার্যকরী ভূমিকা পালন করবেন, এমনটা নয়। কেউ মজার ছলে লিখেছেন, ‘‘বাহ, কী অভিনয়!’’ আবার কারও কটাক্ষ, ‘‘শুধু ভাইরাল হলেই সবাই সমর্থন করেন না।’’ সব মিলিয়ে গোরখপুরকে ‘স্পেন’ বলার রবি কিষাণ এখন উত্তরপ্রদেশ ছাপিয়ে গোটা নেট দুনিয়ার চর্চার বিষয়।




