নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির চাপ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং দুর্বল হয়ে পড়া টাকার মধ্যে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম রেপো রেটে বৃদ্ধি করা হল।
RBI-এর মনিটারি পলিসি কমিটি বা MPC-এর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রেপো রেট ছিল ৫.২৫ শতাংশ। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি মূল্যবৃদ্ধির ঝুঁকি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে।
রেপো রেট হল সেই সুদের হার, যে হারে RBI বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয়। RBI এই হার বাড়ালে ব্যাঙ্কগুলির জন্য ঋণের খরচ বাড়তে পারে। তার প্রভাব পড়তে পারে বিভিন্ন ধরনের ঋণের সুদের হারে। ফলে গৃহঋণ, গাড়ির ঋণ বা ব্যক্তিগত ঋণের EMI ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
শুধু রেপো রেট বাড়ানোই নয়, এবার আর্থিক নীতির অবস্থানেও গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে RBI। ২০১৮ সালের পর প্রথমবার ‘নিউট্রাল’ অবস্থান থেকে ‘ক্যালিব্রেটেড টাইটেনিং’ অবস্থানে গেল কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ মূল্যবৃদ্ধির চাপ দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়ার দরজা খোলা রাখল RBI।
গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির চাপ বাড়তে পারে। পাশাপাশি বাণিজ্যিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতাও অর্থনীতির উপর প্রভাব ফেলছে। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থাতেও সমস্যা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
তবে একইসঙ্গে ভারতের অর্থনীতি নিয়ে আশাবাদী RBI। চলতি অর্থবর্ষে দেশের প্রকৃত GDP বৃদ্ধির পূর্বাভাস ৬.৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.১ শতাংশ করা হয়েছে। RBI জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বজায় রয়েছে। উৎপাদন ক্ষেত্রও চাপের মধ্যেও তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।
পরিষেবা ক্ষেত্রের সম্প্রসারণ, স্থায়ী বিনিয়োগ এবং অভ্যন্তরীণ চাহিদাকে অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ব্যক্তিগত খরচ এবং বিনিয়োগ বৃদ্ধিও বৃদ্ধির গতি ধরে রাখতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
তবে ঝুঁকিও রয়েছে। টেকসই নয় এমন ভোগ্যপণ্যের বাজার এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবায় কিছুটা দুর্বলতার কথা জানিয়েছে RBI। সরবরাহ ব্যবস্থায় সমস্যা, দুর্বল বর্ষা এবং এল নিনোর সম্ভাবনাও আগামী দিনে কৃষি ও অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে।
একদিকে GDP বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে অর্থনীতির শক্তিশালী অবস্থানের বার্তা দিয়েছে RBI, অন্যদিকে মূল্যবৃদ্ধির ঝুঁকি সামলাতে সুদের হার বাড়িয়েছে। ফলে আগামী দিনে সাধারণ মানুষের ঋণের খরচ এবং EMI-র উপর এর কতটা প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর।




