৮০তম স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজ প্রাঙ্গণ থেকে রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে রেড রোডে এটিই ছিল তাঁর প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ। বক্তব্যে বাংলার উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা এবং আইনশৃঙ্খলার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে দেশের ২০৪৭ সালের উন্নয়নের লক্ষ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের অগ্রগতিকে যুক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "২০৪৭ সালের মধ্যে দেশকে যে 'বিকশিত ভারত' হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখা হচ্ছে, তা তখনই পূর্ণতা পাবে যখন 'বিকশিত পশ্চিমবঙ্গ' তৈরি সম্ভব হবে।"
রাজ্যের সর্বত্র উন্নয়ন পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। কর্মক্ষম যুবসমাজের জন্য কর্মসংস্থান তৈরি, মহিলাদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করার কথা বলেন মুখ্যমন্ত্রী।
বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পায়। পশ্চিমবঙ্গকে 'রাষ্ট্রবাদের অন্যতম শ্রেষ্ঠ জায়গা' হিসেবে উল্লেখ করে তিনি ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করেন। স্বাধীনতা আন্দোলনে বাংলার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে রাজ্যের গৌরব পুনরুদ্ধারের বার্তাও দেন তিনি।
রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর আরও বার্তা, "আমাদের একটাই লক্ষ্য - সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দেওয়া।" একইসঙ্গে তাঁর দৃঢ় বক্তব্য, "বাংলাকে ভারতসেরা গড়ে তোলাই লক্ষ্য"। স্বাধীনতা দিবসের মঞ্চে উন্নয়ন ও বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনার এই বার্তাই ছিল তাঁর বক্তব্যের মূল সুর।