দিল্লি, নিউজ ডেস্ক : সিজেপির বিক্ষোভকে ঘিরে উত্তাল রাজধানী দিল্লি। ক্রমাগতই রাজনৈতিক পারদ চড়ছে। বিরোধী নেতৃত্বরা একের পর এক মন্তব্য করছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এরই মাঝে বিজেপি সরকারকে নিশানা করলেন আম আদমি পার্টির (AAP) দিল্লি ইউনিটের সভাপতি সৌরভ ভরদ্বাজ।
তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সরকার দেশকে এমনভাবে তুলে ধরতে চাইছে যেন ভারত একটি ভীতু দেশ। তবে ভারত অহিংসা ও সংবিধানে বিশ্বাস করে। তরুণদের জোর করে চুপ করিয়ে রাখা যায় না। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা উচিত।প্রতিবাদকারীদের মূল উদ্দেশ্যই শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিকে তুলে ধরা। কিন্তু অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের ফলে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে সিজেপির প্রস্তাবিত কর্মসূচির অনুমতি মেলেনি। দিল্লি পুলিশ জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও যান চলাচল নিয়ন্ত্রণের কারণ দেখিয়ে সিজেপি-র কর্মসূচিকে বাতিল করে দিয়েছে। নিরাপত্তার কারণটিকে সামনে রেখে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনে ৯ অক্টোবর রাত ৯ টা থেকে ১০ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির (AAP) দিল্লি ইউনিটের সভাপতি সৌরভ ভরদ্বাজ।
আম আদমি পার্টির নেতৃত্বের এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সৌরভ ভরদ্বাজ-এর ভিডিওর কমেন্ট বক্সে নানান মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে। অনেকেই তাকে সমর্থন করেছেন।
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজধানী রাজপথ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন, বাস, মেট্রো পরিষেবা। বাড়তি এই নিরাপত্তার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর তাতেই একের পর এক ক্ষোভ প্রকাশ করছেন বিরোধীরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানান প্রশ্ন তুলে ধরছেন তারা।