স্পোর্টস ডেস্ক: দেশে ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার আগে সরকারের কাছ থেকে নিজের নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। সেই নিশ্চয়তা পেলে খুনের মামলা-সহ তাঁর বিরুদ্ধে থাকা যাবতীয় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও রাজি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। শুধু তাই নয়, দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন তিনি।
২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বাইরে রয়েছেন সাকিব। বর্তমানে আমেরিকায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সাংসদ ছিলেন সাকিব। ফলে রাজনৈতিক পালাবদলের পর তাঁর বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় এক আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় খুনের মামলা। এ ছাড়াও দুর্নীতি দমন সংক্রান্ত একটি মামলার মুখেও পড়েছেন তিনি।
শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়ে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, সরকারের তরফে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর কথায়, ‘সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ছাড়পত্র দেয়, তা হলে আমি দেশে ফিরে আদালতের বিচারের মুখোমুখি হতে এবং প্রয়োজনীয় সব কিছু করতে রাজি।’
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য মানতে নারাজ বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। তাঁর দাবি, তিনি কোনও অন্যায় করেননি। যে দিন আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছিল, সে দিন তিনি টরন্টোয় একটি ক্রিকেট ম্যাচ খেলছিলেন বলেও জানিয়েছেন সাকিব। মামলাটিকে হাস্যকর বলে উল্লেখ করেছেন তিনি। এখনও পর্যন্ত ওই মামলায় নিজের হয়ে কোনও আইনজীবীও নিয়োগ করেননি বলে জানিয়েছেন।
সাকিবের আরও অভিযোগ, তদন্তের কারণে প্রায় দেড় বছর ধরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে রাখা হয়েছে। গত দু’বছর ধরে বাংলাদেশের মাটিতে পা রাখতে না পারায় বাবা-মায়ের সঙ্গেও দেখা হয়নি তাঁর। এই পরিস্থিতি পরিবারের প্রত্যেকের কাছেই কঠিন বলে জানিয়েছেন তিনি।
এর আগে ২০২৪ সালের শেষ দিকে দেশে ফেরার চেষ্টা করেছিলেন সাকিব। তাঁর দাবি, তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর দেশে ফেরার বিমানে উঠেছিলেন। কিন্তু মাঝ আকাশেই তাঁকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিমান দুবাইয়ে অবতরণের পর ফের আমেরিকায় ফিরে যান তিনি। পরবর্তী সময়ে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করার পরেও তাঁর দেশে ফেরার পরিকল্পনা ভেস্তে যায় বলে জানিয়েছেন সাকিব।
রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দেশে ফেরার পথ সহজ হতে পারে, এমন পরামর্শও পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন সাকিব। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তাঁর উপস্থিতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সাকিবের দাবি, সেখানে তিনি শুধু বাংলাদেশের শান্তি ও উন্নতির কথা বলেছিলেন। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে কোনও অনুশোচনা নেই তাঁর।
তবে সাকিবের দেশে ফেরা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান যে খুব একটা ইতিবাচক নয়, তা স্পষ্ট। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাকিবের বিষয়ে সরকারের আগের নমনীয় অবস্থান আর বজায় রাখার সুযোগ নেই। তাঁর কথায়, ‘স্বৈরাচারের সঙ্গে একই মঞ্চে যিনি উঠেছেন, তাঁর আর ফেরার কোনও সুযোগ নেই।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহও জানিয়েছেন, দেশের আইনের চোখে সাকিব একজন অভিযুক্ত। তাঁকে আদালতে আত্মসমর্পণ করে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
সব বাধা সত্ত্বেও ক্রিকেটে ফেরার আশা ছাড়েননি সাকিব। দেশে ফিরে বিদায়ী সিরিজ খেলতে চান তিনি। এমনকী ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপেও বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন। তবে বয়সের কথা মাথায় রেখে খুব বেশি দিন অপেক্ষা করতে পারবেন না বলেও স্বীকার করেছেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। তাঁর কথায়, ‘আমি ভাল অনুভব করছি। এখনও খেলা উপভোগ করছি, ভাল খেলছিও। কিন্তু বয়স তো আর আমার পক্ষে নেই। তাই খুব বেশি দিন অপেক্ষা করতে পারব না।’




