কলকাতা, নিউজ ডেস্ক: ফের হাসপাতালের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নের মুখে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বৃহস্পতিবার সকালে হাসপাতালের রেডিওলজি বিভাগের ২ নম্বর এক্স-রে রুমে আচমকাই সিলিং থেকে ভেঙে পড়ল বড় চাঙড়। সেই সময় ঘরেই উপস্থিত ছিলেন এক রোগী এবং কর্তব্যরত টেকনিশিয়ানরা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁরা।
সূত্রের খবর, সকাল ৯টা নাগাদ ওই ঘরে এক রোগীর এক্স-রে করা হচ্ছিল। আচমকাই সিলিংয়ের একটি বড় অংশ ভেঙে নিচে পড়ে। বিপদ বুঝে দ্রুত সরে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান রোগী ও স্বাস্থ্যকর্মীরা। ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর নেই। তবে আচমকা চাঙড় ভেঙে পড়ার বিকট শব্দে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের ভিতরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে। হাসপাতালের বিভিন্ন অংশের নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণ কতটা হচ্ছে, তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠছে।




