কলকাতা: একাধিক সাইবার প্রতারণার মামলায় অভিযুক্ত। দীর্ঘদিন ধরে খোঁজ চালাচ্ছিল কর্নাটক পুলিশ ও সিআইডি। জারি হয়েছিল লুক আউট নোটিসও। কিন্তু শেষরক্ষা হল না! কলকাতা হয়ে দুবাই পালানোর পরিকল্পনা করেও শেষ পর্যন্ত বিমানবন্দরেই ধরা পড়ল অভিযুক্ত শেখ সাবির। মঙ্গলবার ভোররাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা। পরে বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে কলকাতা থেকে দুবাই যাওয়ার পরিকল্পনা ছিল শেখ সাবিরের। সেই মতো বিমানবন্দরে পৌঁছেছিল সে। কিন্তু তার বিরুদ্ধে আগে থেকেই লুক আউট নোটিস জারি থাকায় অভিবাসন দপ্তরের আধিকারিকদের নজরে পড়ে যায় অভিযুক্ত। প্রয়োজনীয় যাচাইয়ের পর তাকে আটক করে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। খবর দেওয়া হয়েছে কর্নাটক পুলিশকেও।
কী অভিযোগ রয়েছে সাবিরের বিরুদ্ধে?
তদন্তকারীদের দাবি, কর্নাটকের একটি বড় সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে শেখ সাবিরের বিরুদ্ধে। একাধিক আর্থিক জালিয়াতির মামলায় তার নাম জড়িয়েছে। শুধু তাই নয়, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ, প্রতারকরা নিজেদের তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করত। বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ার ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হত। এই ধরনের একাধিক অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু সিটি সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের হয়। সেই মামলাগুলির তদন্তে নেমেই সাবিরের খোঁজ শুরু করেন তদন্তকারীরা।
দীর্ঘদিন ধরে অভিযুক্তের সন্ধান না মেলায় তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। দেশের বিভিন্ন বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল বলেও জানা গিয়েছে।
এবার কর্নাটকে নিয়ে যাওয়ার প্রস্তুতি
কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তারের পর এবার অভিযুক্তকে কর্নাটকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। আদালতে তাকে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হচ্ছে। সেই অনুমতি মিললে কর্নাটক পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হবে।
এই সাইবার প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত, প্রতারণার মাধ্যমে কত টাকা হাতানো হয়েছে এবং আরও কোনও আন্তর্জাতিক যোগ রয়েছে কি না, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। আপাতত কলকাতা বিমানবন্দরে তার গ্রেপ্তারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।




