কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে পালাবদলের পর টলিপাড়ায় প্রথম নির্বাচন। শনিবার ও রবিবার টানা দু’দিন ধরে চলে ভোটযুদ্ধ। বিশ্বাস ব্রাদার্সের কোনও রকম নিয়ন্ত্রণ ছাড়াই স্টুডিও পাড়ায় ভোটগ্রহণ হল। ব্যান কালচারের আতঙ্ক কাটিয়ে নতুন করে বদল আসতে শুরু করেছে টলিউডেও। স্বরূপের পর ফেডারেশনের নতুন সভাপতি কে হবেন, সে দিকেই সকলের নজর। তাহলে কি পুরোপুরি শেষ হয়ে গেল স্বরুপ বিশ্বাসের জামানা। এই প্রশ্নের উত্তরে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী বলেন, 'একজনের জামানা শেষ হতেই আরেকজনের জামানা শুরু হয়েছে। ১৫ বছর ধরে অনেক অত্যাচার চলেছে। বহু মানুষকে কাজ দেয়নি, বহু লোককে ব্যান করে দিয়েছিল, এমনকি বহু মানুষ কার্ড পায়নি। সেগুলো আবার নতুন করে হবে। মানুষ কাজ পাবে, কার্ডও পাবে।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতদিন যাঁর দাপট চলেছে তিনি হলেন প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। সিনেমা হোক কিংবা সিরিয়াল অথবা ওয়েব সিরিজের শ্যুটিং, তাঁর অনুমতি ব্যতীত কোনও কাজই হত না সেখানে। অভিযোগ, স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই নাকি 'ব্যান' হয়ে যেতেন, টলিউডের একাধিক শিল্পীরা। যাকে ছাড়া টলিগঞ্জের পাতাও নড়ত বলে, এমন বহু অভিযোগ শোনা গিয়েছে। দীর্ঘদিন ধরে ফেডারেশনের কাজ, গিল্ডের ভূমিকা, কাজের সুযোগ এবং কলাকুশলীদের মধ্যে মতবিরোধ নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক সামনে এসেছিল। সেই পরিস্থিতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংগঠনগুলির নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সভাপতি ও সম্পাদকদের নাম। পরিচালকদের সংগঠন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি হয়েছেন শৈবাল মিত্র। নবনিযুক্ত সম্পাদক রিনা চৌধুরী। সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং সম্পাদক মহম্মদ হাসানুজ্জামান।
অন্যদিকে, ইস্টার্ন ইন্ডিয়া সিনেম্যাটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন চিত্রভানু বসু, সম্পাদক স্বপন মজুমদার। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স গিল্ডের সভাপতি গোবিন্দ প্রসাদ শীল, সম্পাদক অমিত কুমার সামন্ত। সিনে অডিও ওয়ার্কার্স অ্যান্ড ক্যামেরা কেয়ারটেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উৎসব দে এবং সম্পাদক রাজীব পাল।
মেকআপ আর্টিস্ট গিল্ডের সভাপতি হয়েছেন সোমনাথ কুণ্ডু। সম্পাদক প্রসেনজিৎ দে। সিনে রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেশব চক্রবর্তী, সম্পাদক কাঞ্চন কুমার চট্টোপাধ্যায়। ফিল্ম এডিটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুজয় দত্ত রায় এবং সম্পাদক অলোক ধাড়া। সিনে আর্ট ডিরেক্টর্স গিল্ডের সভাপতি তন্ময় চক্রবর্তী, সম্পাদক মানস ভট্টাচার্য।




