শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের তৃতীয় তথা অন্তিম দিনে ব্যাট করতে নামলেন শুভমান গিল। শুধু ব্যাটিং নয়। তার আগে রবিবার ফিল্ডিংও করতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। ফলে দুই টেস্টের সিরিজের আগে তাঁর চোট নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটল। শেষ দিনের খেলা শুরুর আগে নেটেও বেশ কিছুক্ষণ ব্যাট করেন শুভমান।
গত বৃহস্পতিবারের অনুশীলনে একই দিনে দু’বার চোট পেয়েছিলেন গিল। প্রথমে নেটে ব্যাট করার সময় ডান হাতের অনামিকায় চোট লাগে। পরে স্লিপে ক্যাচিং অনুশীলনের সময়ও সেই হাতে আঘাত পান। এর পর ৩ দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দু’দিন তাঁকে নামানো হয়নি মাঠে। চোট কতটা গুরুতর, তা নিয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি টিম ম্যানেজমেন্টের তরফে। শুধু শুক্রবার বিসিসিআই জানিয়েছিল, চোটের কারণে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন নামবেন না শুভমান। তাঁর বদলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল লোকেশ রাহুলকে।
ম্যাচে প্রথম ব্যাট করে শ্রীলঙ্কার দলটি প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে তুলেছিল ৩৬৩ রান। জবাবে ৬ উইকেটে ৩৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। অপরাজিত ১৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ৩ নম্বরে নামা দেবদত্ত পাড়িক্কাল। এ ছাড়া রবীন্দ্র জাদেজা ৬৩ এবং ভারপ্রাপ্ত অধিনায়ক রাহুল করেন ৪০ রান। কিন্তু তাঁদের এই পারফরম্যান্স সত্ত্বেও ভারতীয় সমর্থকদের মন পড়ে ছিল গিলে। তাঁর চোট ক্রমেই বাড়াচ্ছিল চিন্তা।
সেই চিন্তা দূর করে রবিবার চতুর্থ ইনিংসে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন গিল। আর তার পর ব্যাটহাতে যথেষ্টই ইতিবাচক দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। উল্লেখ্য, তাঁর চোটের দেখভাল করছেন বোর্ডের চিকিৎসকেরা। সামনে দুই টেস্ট ম্যাচের সিরিজ। তার আগে অধিনায়কের ফিটনেস নিয়ে উদ্বেগ ছিলই। এই পরিস্থিতিতে রবিবার প্রস্তুতি ম্যাচের শেষ দিনে ফিল্ডিং এবং ব্যাটিং, দুই ক্ষেত্রেই শুভমান অনুশীলন পাওয়ায় আপাতত কিছুটা স্বস্তিতে ভারতীয় শিবির।