নয়াদিল্লি, নিউজ ডেস্ক: মঙ্গলবার সকালে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের (NCR) বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে।তৈরি হয়েছে জলমগ্ন পরিস্থিতি। ভারতের আবহাওয়া দপ্তর (IMD) দিল্লির জন্য 'রেড অ্যালার্ট' জারি করেছে। গতকালও প্রবল বৃষ্টিতে দিল্লি-এনসিআর অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। সে সময়ও বিভিন্ন এলাকায় জলজট, যানজট এবং বিমানের গতিপথ পরিবর্তনের মতো ঘটনা ঘটেছিল। পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস, এইমস (AIIMS), আইটিও (ITO), আরকে পুরম, ফিরোজ শাহ রোড, ভিকাজি কামা প্লেস, বাবা খড়ক সিং মার্গ এবং শান্তি পথ-সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের জন্য একটি পরামর্শমূলক বিজ্ঞপ্তি জারি করে। বিমানবন্দরের আশপাশের এলাকায় খারাপ আবহাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এই মুহূর্তে বিমান চলাচল স্বাভাবিক। তবে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য নিজ নিজ বিমান সংস্থার সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি বিমানবন্দরের আশপাশের এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে বর্তমানে দিল্লি বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক।’
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, বিঘ্ন বা সমস্যা কমিয়ে আনার উদ্দেশ্য তারা অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করছে। সোমবার গুরুগ্রামে ভারী বৃষ্টিপাতের পর;জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) কর্পোরেট অফিস, সরকারি ও বেসরকারি স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানকে পরামর্শ দিয়েছে তারা যেন আজ কর্মীদের 'ওয়ার্ক ফ্রম হোম' নির্দেশ দেয়। কর্তৃপক্ষ জানায়, 'যানজট কমানো এবং রাস্তা ও নিকাশি ব্যবস্থার মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।' জেলা প্রশাসন সতর্ক করেছে যে, একটানা বৃষ্টিপাতের ফলে বিভিন্ন স্থানে জল জমে যেতে পারে এবং যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।