সুন্দরবনে মুখ্যমন্ত্রীর সফরসূচি ঘিরে একেবারে উৎসবের চেহারা নিয়ে ছিল। বিরাট আয়োজন ও প্রস্তুতি শুরু হয়েছিল গোটা সুন্দরবন জুড়ে। কিন্তু শেষ পর্যন্ত বাতিল করা হলো এই সফর সূচি। সমস্যা হয়ে দাঁড়ালো আবহাওয়া। ৮০-তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁকে স্বাগত জানাতে প্রশাসনিক প্রস্তুতি থেকে নিরাপত্তা সবই ছিল তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের ছন্দপতন ঘটল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল করা হলো মুখ্যমন্ত্রীর সুন্দরবন সফর।
শনিবারও মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। কিন্তু গোসাবা ও হেলিপ্যাড সংলগ্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। এরই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রীর গোসাবায় পৌঁছনোর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণের অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতির মাঝেই মুখ্যমন্ত্রীর সফর বাতিল হওয়ায় মন ভার এলাকার মানুষদের।
শুভেন্দু অধিকারীর পরিবর্তে গোসাবায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অভিষেক তিওয়ারি। এত আয়োজনের মধ্যে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সফর বাতিল হওয়াতে হতাশায় স্থানীয় নেতৃত্বরা। এ নিয়ে দুঃখপ্রকাশ করেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা।
এ বিষয়ে দীপঙ্কর জানা বলেন, মুখ্যমন্ত্রী গোসাবার মানুষদের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করতে চেয়েছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষ মুহূর্তে এই সফল বাতিল করতে হয় তাঁদের। তবে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে গোসাবায় নিয়ে আসার পরিকল্পনা করছেন তাঁরা।
বেশ কিছুদিন ধরেই সুন্দরবন এলাকার মানুষ এই দিনটির অপেক্ষায় ছিলেন। মুখ্যমন্ত্রী আগমন ঘিরে একেবারে সাজো সাজো রব ছিল গোটা সুন্দরবন জুড়ে। কিন্তু শেষ মুহূর্তে আবহাওয়ার প্রতিকূলতার সামনে সবটাই ভেস্তে গেল। আগামী দিনে আবার কবে মুখ্যমন্ত্রীর সুন্দরবন কর্মসূচি হয় সেই অপেক্ষায় গোটা সুন্দরবনবাসী।