নিউজ ডেস্ক: লোকসভা ও বিধানসভায় তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST)-দের জন্য সংরক্ষিত আসন কি নির্দিষ্ট সময় অন্তর বদলানো উচিত? অর্থাৎ, বছরের পর বছর একই কেন্দ্র সংরক্ষিত না রেখে পর্যায়ক্রমে অন্য কেন্দ্রগুলিকেও সংরক্ষণের আওতায় আনা যায় কি না, তা নিয়ে দায়ের হয়েছিল মামলা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মামলাকারীকে প্রধান বিচারপতি সূর্য কান্তের স্পষ্ট বার্তা, ‘আপনি ভুল নম্বর ডায়াল করেছেন!’ আদালতের বক্তব্য, সংরক্ষিত আসনে রোটেশন চালু করার বিষয়টি বিচারবিভাগের নয়, সম্পূর্ণভাবে সংসদের এক্তিয়ারভুক্ত।
বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। মামলাকারী জগদীশ সিং উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার কাদিপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। তাঁর দাবি, ১৯৫ নম্বর কাদিপুর বিধানসভা কেন্দ্রটি প্রায় সাত দশক ধরে তফসিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে। ফলে সাধারণ শ্রেণির প্রার্থীরা এই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন না। তাঁর মতে, দীর্ঘদিন ধরে একটি কেন্দ্র সংরক্ষিত থাকায় সংবিধানের ১৪, ১৫ ও ১৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
আবেদনকারীর যুক্তি ছিল, পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে সংরক্ষিত আসন ঘুরিয়ে-ফিরিয়ে নির্ধারণের ব্যবস্থা রয়েছে। সংবিধানের ২৪৩ডি ও ২৪৩টি অনুচ্ছেদে সেই বিধানও রয়েছে। তাহলে লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও কেন একই নিয়ম চালু হবে না?
তবে এই যুক্তিতে সম্মতি দেয়নি শীর্ষ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী জানান, বহুদলীয় গণতন্ত্রে ভোটারদের কাছে রাজনৈতিক দলের আদর্শ ও নীতিই প্রধান বিষয় হওয়া উচিত। কোনও এলাকায় SC/ST জনসংখ্যার অনুপাত বেশি বলেই সেই কেন্দ্র সংরক্ষিত করা হয়েছে। এর অর্থ এই নয় যে, এর ফলে জাতপাতের বিভাজন তৈরি হচ্ছে।
আদালত আরও জানায়, সংবিধানের ৩৩০ ও ৩৩২ নম্বর অনুচ্ছেদে লোকসভা ও বিধানসভায় SC/ST সংরক্ষণের কথা বলা হলেও আসন নির্ধারণের পদ্ধতি ঠিক করার ক্ষমতা সংসদের হাতে। ২০০২ সালের ডিলিমিটেশন আইনের ৯(১)(সি) ধারার সাংবিধানিক বৈধতাও বহাল রেখেছে আদালত।
এর আগে এলাহাবাদ হাইকোর্টও একই আবেদন খারিজ করেছিল। এবার সেই সিদ্ধান্তে হস্তক্ষেপের প্রয়োজন দেখল না সুপ্রিম কোর্ট। আদালতের পরামর্শ, সংরক্ষিত আসনে রোটেশন চালু করতে চাইলে জনপ্রতিনিধিদের মাধ্যমে সংসদে এই দাবি তুলতে হবে। অর্থাৎ, এখনই সংরক্ষিত আসনের নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না।




