নন্দীগ্রাম, নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টোটোয় করে ভোটগ্রহণ পৌঁছন শুভেন্দু। সঙ্গে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরাণী রথ। নন্দীগ্রামের নন্দনায়কবাড় ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। সুশৃঙ্খলভাবে ভোটদান পর্ব শেষ করার পর সোজা স্থানীয় মন্দিরে গিয়ে পুজো দেন তিনি।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘কালের নিয়মে সবাইকেই যেতে হবে। তবে আমার অঙ্গীকার, আমৃত্যু আমি নন্দনায়কবাড়ের ভোটার তালিকায় নাম রাখব। আমি আজীবন এখানকার ভোটার থাকব।’ একই সঙ্গে জানান, নন্দীগ্রামে শান্তিপূর্ণই ভোট হচ্ছে। ইতিমধ্যেই ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। উপনির্বাচনে সাধারণত ভোটের হার কম হলেও এ বার অন্তত ৮৫ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদী তিনি।' এদিকে নির্বাচনী বিধিভঙ্গ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেফতার করে পুলিশ। এবার সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, 'আইন সকলের জন্যই সমান। আইন ভাঙলে নির্বাচন কমিশন বা প্রশাসন পদক্ষেপ করবেই।'
পালাবদলের পাঁচ মাস পরে মঙ্গলবার রাজ্যের দুই আসনে উপনির্বাচন। আজ নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে চলছে উপনির্বাচন। সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটের ফলাফল নিয়ে যথেষ্ঠ আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উপনির্বাচনের সকালেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রাম ও রেজিনগরে। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। এর মধ্যে রেজিনগরে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে রয়েছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়া নন্দীগ্রামে ৭০০ রাজ্য পুলিশ রয়েছে।
নন্দীগ্রাম বরাবরই রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই আসন থেকেই জেতেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একটি আসন ছাড়তে হয় তাঁকে। সেই মতো নন্দীগ্রাম ছেড়ে দেন শুভেন্দু। অন্যদিকে নওদা ও রেজিনগর দুই কেন্দ্র থেকেই জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীর। পরে রেজিনগর কেন্দ্র ছেড়ে দিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীর। এই দুই জায়গাতেই শূন্যস্থান তৈরি হয়েছিল। আজ বিধায়ক শূন্য আসনেই চলছে ভোট পর্ব। আগামী ৯ অক্টোবর ফল ঘোষণা। এখন দেখার নন্দীগ্রামে শেষ পর্যন্ত কার জয় হয়।
