স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে জসপ্রীত বুমরাহর সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামকে। দুই ইনিংসেই তাঁর শিকার হয়ে জোড়া শূন্য নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল কিউয়ি অধিনায়ককে। এবার দ্বিতীয় টেস্টে সেই বুমরাহর মুখোমুখি হওয়ার আগে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন লাথাম। তবে ভারতীয় পেসারের বিরুদ্ধে নিজের ব্যাটিংয়ের ধরন বদলাতে একেবারেই রাজি নন তিনি। বরং পরিচিত পদ্ধতিতেই বুমরাহকে সামলানোর পরিকল্পনা করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাথাম স্বীকার করেছেন, বুমরাহর বিরুদ্ধে ব্যাটিং করা মোটেও সহজ নয়। তাঁর বোলিং অ্যাকশন অন্যদের থেকে আলাদা। সাধারণ বোলারদের তুলনায় অনেকটা কাছ থেকে বল ছাড়েন ভারতীয় পেসার। ফলে বলের গতিবিধি বুঝে ওঠার সময়ও কম পান ব্যাটাররা। নতুন বল হোক কিংবা পুরনো, বুমরা সব পরিস্থিতিতেই বিপজ্জনক। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো পরিবেশে যেখানে বল সুইং করে, সেখানে তাঁর মোকাবিলা করা আরও কঠিন।
তবে বুমরাহকে সামলানোর জন্য কোনও বিশেষ কৌশল বা নতুন ব্যাটিং পদ্ধতি গ্রহণ করতে চান না লাথাম। তাঁর মতে, বোলারের হাত থেকে বল বেরনোর পর সেটির দিকে মনোযোগ দেওয়া এবং যতটা সম্ভব দেরিতে শট খেলার সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বল কোন দিকে সুইং করছে, তা বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে চান তিনি।
প্রথম টেস্টে পরপর দু'বার ব্যর্থ হওয়ার পরও নিজের ব্যাটিং নিয়ে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করতে নারাজ কিউয়ি অধিনায়ক। লাথামের বক্তব্য, এতদিন যে পদ্ধতিতে খেলে তিনি এই জায়গায় পৌঁছেছেন, সেটাই ধরে রাখতে চান। ব্যর্থতার পর হঠাৎ নতুন কোনও কৌশল খুঁজতে গেলে বরং মনোযোগ নষ্ট হতে পারে। ক্রিকেটে রান করার কোনও জাদুকাঠি নেই। তাই নিজের স্বাভাবিক খেলায় আস্থা রাখাই তাঁর লক্ষ্য।
নিউজিল্যান্ডের পরিবেশে ওপেনিং করা যে বরাবরই কঠিন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন লাথাম। প্রস্তুতি যত ভালই হোক, মাঠে নেমে সাফল্যের নিশ্চয়তা থাকে না। তাই দ্বিতীয় টেস্টেও নিজের প্রস্তুতিতে কোনও পরিবর্তন আনছেন না তিনি। ব্যাটার হিসেবে রান করার পাশাপাশি অধিনায়ক হিসেবেও দলের প্রতি দায়িত্ব পালন করতে চান।
এদিকে পেসার কাইল জেমিসনের ওয়ার্কলোড নিয়েও সতর্ক নিউজিল্যান্ড শিবির। পরপর টেস্ট খেলানোর বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন না লাথাম। দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর বোলারদের শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সব মিলিয়ে ক্রাইস্টচার্চে একদিকে বুমরার গতি ও সুইং, অন্যদিকে লাথামের ঘুরে দাঁড়ানোর লড়াই— দ্বিতীয় টেস্টের আগে উত্তেজনা তুঙ্গে। এবার দেখার, ভারতীয় পেসারের বিরুদ্ধে জোড়া শূন্যের বদলা নিতে পারেন কি না কিউয়ি অধিনায়ক।




