এবার ভরা রাস্তায় কান ধরে ওঠবস করলেন তৃণমূল নেতা। যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাজবাত ২৪ বাংলা। জানা গিয়েছে, ওই তৃণমূল নেতার নাম রবীন জানা। তিনি স্থানীয় ধবলাট গ্রাম পঞ্চায়েতের সদস্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকায়।
সম্প্রতি রবিন জানা এলাকায় গেলে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। কাটমানির টাকা ফেরতের দাবির পাশাপাশি অতীতে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের জবাবদিহি দাবি করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত মানুষের চাপের মুখে রবিন জানা প্রকাশ্যে কান ধরে ওঠবস করেন ৷ নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান বলে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ মোবাইল ফোনে সেই দৃশ্য রেকর্ড করেন এবং পরে তা সমাজ মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বহু বছর ধরে তাঁরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন। তাঁদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হত। সেই সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছেন তাঁরা।