স্পোর্টস ডেস্ক: রঞ্জি ট্রফিতে বড়সড় অঘটন ঘটিয়ে দিল ত্রিপুরা। প্রাক্তন চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রকে ১৩৩ রানে হারিয়ে মরসুমের প্রথম জয় তুলে নিল উত্তর-পূর্ব ভারতের দলটি। বৃহস্পতিবার আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়ামে চার দিনের ম্যাচের শেষ দিনে ৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৮ রানে শেষ হয়ে যায় সৌরাষ্ট্রের দ্বিতীয় ইনিংস। ত্রিপুরার এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিলেন স্পিনার সন্দীপ সরকার এবং পেসার অভিজিৎ কে সরকার। দু’জনে মিলে দ্বিতীয় ইনিংসে তুলে নেন সাতটি উইকেট।
ম্যাচের শুরু থেকেই লড়াইয়ে ছিল ত্রিপুরা। প্রথম ইনিংসে তারা তোলে ২৬৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন শ্রীদাম পাল। ১৩৬ বলের ইনিংসে চারটি ছক্কা এবং ছ’টি চার মারেন তিনি। এ ছাড়া বিক্রমজিৎ দেবনাথ করেন অপরাজিত ৬১ রান। অধিনায়ক মণিশঙ্কর মুরাসিং করেন ৪২ এবং সেন্টু সরকার করেন ৪৬ রান। সৌরাষ্ট্রের হয়ে পার্থ ভুট পাঁচটি উইকেট নেন।
জবাবে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১৮ রানে। ত্রিপুরার স্পিনার পারভেজ সুলতান দুরন্ত বোলিং করে পাঁচটি উইকেট তুলে নেন। সন্দীপ সরকারের শিকার চার উইকেট। ফলে প্রথম ইনিংসেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ে সৌরাষ্ট্র। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা ১৯১ রান করে। শ্রীদাম পাল আবারও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ ৫০ রান। সেন্টু সরকার করেন ৪৬। বিক্রমজিৎ দেবনাথের ব্যাট থেকে আসে ২৪ রান। সৌরাষ্ট্রের পার্থ ভুট এবং যুবরাজসিংহ দোদিয়া তিনটি করে উইকেট নেন।
সব মিলিয়ে সৌরাষ্ট্রের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান। কিন্তু সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় তারা। আগের দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ছিল সাত উইকেটে ১৩১ রান। অভিজ্ঞ অর্পিত বাসাবদা এবং চেতন সাকারিয়া ক্রিজে ছিলেন। শেষ দিনে সৌরাষ্ট্রের প্রয়োজন ছিল আরও ২১১ রান, হাতে মাত্র তিনটি উইকেট। ফলে ম্যাচ বাঁচানোই কঠিন হয়ে পড়েছিল তাদের পক্ষে।
দিনের প্রথম ওভারেই চেতন সাকারিয়াকে ফিরিয়ে দেন অভিজিৎ সরকার। এরপর অর্পিত বাসাবদা এবং নীল পাণ্ড্য নবম উইকেটে ৫৯ রান যোগ করে কিছুটা লড়াই করেন। বাসাবদা এক প্রান্ত আগলে রেখে ১৮৯ বলে ৮৯ রান করেন। অন্য দিকে নীল পাণ্ড্য ৬৩ বল খেলে করেন ৯ রান। কিন্তু এই জুটি ভাঙতেই সৌরাষ্ট্রের প্রতিরোধ শেষ হয়ে যায়। অভিজিৎ সরকার ফিরিয়ে দেন নীলকে। শেষ পর্যন্ত অধিনায়ক মণিশঙ্কর মুরাসিংয়ের সরাসরি থ্রোয়ে রান আউট হন বাসাবদা। ৭৭.৩ ওভারে ২০৮ রানে শেষ হয়ে যায় সৌরাষ্ট্রের দ্বিতীয় ইনিংস।
দ্বিতীয় ইনিংসে সন্দীপ সরকার চারটি এবং অভিজিৎ সরকার তিনটি উইকেট নেন। এই জয়ের ফলে চার ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠে এল ত্রিপুরা। অন্য দিকে চার ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল সৌরাষ্ট্র।
এই জয় ত্রিপুরার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, আগের ম্যাচেই কর্নাটকের কাছে ইনিংসে হারের মুখে পড়েছিল তারা। সেই ধাক্কা সামলে এক সময়ের শক্তিশালী সৌরাষ্ট্রকে হারিয়ে ঘুরে দাঁড়াল দলটি।




