নিউজ ডেস্ক: ভোটার তালিকায় নতুন নাম তোলার অনলাইন আবেদনপত্র ফর্ম ৬ থেকে এসআইআর সংক্রান্ত ঘোষণা সম্পূর্ণ আলাদা করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার অর্থাৎ ৫ নভেম্বর থেকে ECINet পোর্টালে এই পরিবর্তন কার্যকর হয়েছে। SIR প্রক্রিয়া এখনও চলছে, এমন রাজ্যগুলিতেও এবার থেকে Form 6 এবং SIR-এর ঘোষণা আলাদাভাবে জমা দিতে হবে। এর ফলে পশ্চিমবঙ্গ-সহ SIR চলা রাজ্যগুলির ভোটারদের আবেদন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
এর আগে অনলাইন Form 6-এর মধ্যেই SIR সংক্রান্ত ঘোষণাটি যুক্ত করা হয়েছিল। সেখানে আবেদনকারীকে জানাতে হত, আগের SIR-এর সময় তাঁর নিজের নাম অথবা বাবা-মা কিংবা ঠাকুরদা-ঠাকুমার নাম ভোটার তালিকায় ছিল কি না। এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার বিবেক যোশী এবং সুখবীর সিং সান্ধু। Form 6-এ এই ধরনের পরিবর্তন আনতে হলে আনুষ্ঠানিক সংশোধন প্রয়োজন বলে তাঁরা জানিয়েছিলেন। এমনকি, এই পরিবর্তনকে অননুমোদিত এবং বেআইনি বলেও আপত্তি ওঠে।
এরপর ২১ অক্টোবর Form 6 এবং SIR-এর ঘোষণাপত্র আলাদা করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশনের Electoral Roll Division। ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামাতেও সেই সিদ্ধান্তের কথা জানায় কমিশন। অবশেষে ৪ ও ৫ নভেম্বর ECINet পোর্টালে তা কার্যকর করা হয়েছে। নতুন নিয়মে দুটি নথি আলাদাভাবে জমা দিতে হবে এবং প্রতিটির জন্য পৃথক OTP ও ই-সিগনেচার প্রয়োজন হবে। কমিশনের এই সিদ্ধান্তে ভোটার তালিকায় নাম তোলার অনলাইন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এল। এদিকে, SIR-এর খসড়া ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরাও নতুন করে ফর্ম ৬ জমা দিতে পারবেন বলে জানিয়েছে কমিশন।




