নিউজ ডেস্ক: দাম্পত্য জীবনের অশান্তি এবার গড়াল প্রশাসনিক মহলে! স্ত্রীর আনা একাধিক অভিযোগের জেরে পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিহারের এক IPS আধিকারিককে। শুধু তাই নয়, স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন তাঁর স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে বিহারের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অভিযুক্ত IPS আধিকারিকের নাম ভানুপ্রতাপ সিংহ। তিনি খাগাড়িয়ার পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
সম্প্রতি বিহার সরকার তাঁকে খাগাড়িয়ার SP পদ থেকে সরিয়ে পটনার পুলিশ সদর দফতরে তলব করেছে। তাঁর জায়গায় শিওহারের পুলিশ সুপার শৈলেন্দ্র সিংহকে খাগাড়িয়ার নতুন SP হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, শিওহারের নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন মহিবুল্লাহ আনসারি।
কিন্তু কেন এই প্রশাসনিক রদবদল? সূত্রের খবর, ভানুপ্রতাপের বিরুদ্ধে পারিবারিক অশান্তি এবং স্ত্রীকে হয়রানি করার অভিযোগ উঠেছে। তাঁর স্ত্রী পূজা সিংহ সম্প্রতি পটনার মহিলা থানায় গিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
পূজার অভিযোগ, স্বামী তাঁকে তাঁদের ছয় বছরের মেয়ের সঙ্গে দেখা করতে কিংবা কথা বলতে দিচ্ছেন না। সোমবার গভীর রাতে তিনি থানায় গিয়ে এই অভিযোগ জানান। বিহার সচিবালয়ের আধিকারিক অনু কুমারী জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। তবে এখনও পর্যন্ত কোনও FIR দায়ের করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে কয়েক দিন আগে পটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন পূজা। তাঁর দাবি ছিল, দাম্পত্য জীবনের সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। তবে এই ঘটনায় বিবাহবিচ্ছেদ চান না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। বরং স্বামী ও মেয়েকে নিয়ে ফের স্বাভাবিক সংসার করতে চান পূজা।
পূজার দাবি, ২০১৬ সালে ভানুপ্রতাপের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় ভানুপ্রতাপের কোনও উপার্জন ছিল না। তিনি তখন UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২১ ব্যাচের IPS আধিকারিক হন ভানুপ্রতাপ।
সম্প্রতি তাঁদের দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে বলে অভিযোগ পূজার। এমনকী, নিজের অবস্থান জানাতে তিনি পটনার পুলিশ সদর দফতরেও গিয়েছিলেন। পূজার বক্তব্য, স্বামী যদি আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে রাজি হন, তাহলে তিনি পুলিশের কাছে করা অভিযোগ প্রত্যাহার করতেও প্রস্তুত।
অন্যদিকে, স্ত্রীর তোলা অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ভানুপ্রতাপ সিংহ। অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।




