নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেসের আসল পরিচয় কার, তা নিয়ে রাজনৈতিক লড়াই এখন চরমে। একদিকে নির্বাচন কমিশনে দলের প্রকৃত পরিচয় ও প্রতীক নিয়ে টানাপড়েন, অন্যদিকে বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে এমন একটি ঘটনা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনের সামনে পরপর দাঁড়িয়ে থাকতে দেখা গেল ছ’টি ট্রাক। আর সেই ট্রাকগুলিতে কী রয়েছে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।
বৃহস্পতিবার দুপুরে ঋতব্রতর দিল্লির বাসভবনের সামনে সার দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রাকগুলিকে। প্রত্যেকটি ট্রাকেই বোঝাই করা রয়েছে বিপুল পরিমাণ নথি। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে, ট্রাকগুলির ভিতরে কাগজপত্রের স্তূপ রয়েছে। তবে ঠিক কী ধরনের নথি সেখানে রয়েছে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে চাননি কেউই।
ট্রাকের চালকদের কাছে এই নথি সম্পর্কে জানতে চাওয়া হলে তাঁদের সংক্ষিপ্ত জবাব, “মাল লোড করা আছে। আমরা এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি।” চালকদের এই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। মনে করা হচ্ছে, কলকাতা থেকে বিমানে দিল্লিতে পাঠানো হয়েছিল এই বিপুল পরিমাণ নথি। বিমানবন্দর থেকে সেগুলি নামিয়ে ট্রাকে করে নিয়ে আসা হয়েছে ঋতব্রতর বাসভবনের সামনে।
তবে এই নথিগুলি ঠিক কোথায় নিয়ে যাওয়া হবে, কারা সেগুলি গ্রহণ করবেন কিংবা কী উদ্দেশ্যে পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। নথিগুলির সঙ্গে তৃণমূলের দলীয় পরিচয় সংক্রান্ত আইনি লড়াইয়ের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রকৃত পরিচয় এবং দলীয় প্রতীক নিয়ে দুই শিবিরের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টও সময়সীমা বেঁধে দিয়েছে। ফলে নির্বাচন কমিশনের সামনে নিজেদের দাবির পক্ষে প্রয়োজনীয় নথি ও প্রমাণ পেশ করা দুই পক্ষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আবহে একসঙ্গে ছ’টি ট্রাকে বিপুল পরিমাণ নথি দিল্লিতে পৌঁছনোর ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের নজর কেড়েছে। তবে ওই নথিতে কী রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আপাতত ছ’টি ট্রাক ঘিরেই দানা বেঁধেছে রহস্য।




