নিউজ ডেস্ক: রাতের নিউটাউনে চাঞ্চল্যকর ঘটনা! মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা। তার পরেই শুরু বচসা, হাতাহাতি। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে আসা কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের সঙ্গেও অভব্য আচরণ করেন তিন যুবক। এমনকী, পুলিশের গায়ে হাত তোলার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়, অভিযুক্ত তিনজনই পেশায় শিক্ষক। তাঁরা একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নিউটাউনের নওয়াপাড়া এলাকায় একটি মোটরসাইকেলে চেপে যাচ্ছিলেন তিন যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। শুধু তাই নয়, সেটি ভুল দিক দিয়ে এগিয়ে আসছিল বলেও অভিযোগ। সেই সময় নিজের নির্দিষ্ট লেন ধরে যাচ্ছিল একটি চারচাকার গাড়ি। আচমকাই বাইকটির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পরেই গাড়ির চালকের সঙ্গে বাইকে থাকা তিন যুবকের তুমুল বচসা শুরু হয়ে যায়। রাস্তায় তাঁদের চিৎকার, কথা কাটাকাটি দেখে আশপাশের লোকজনও জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন নিউটাউন ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা।
অভিযোগ, সেই সময় তিন যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করতে গেলে উল্টে কর্তব্যরত কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তাঁরা। বচসা ক্রমশ বাড়তে থাকে। একপর্যায়ে পুলিশকর্মীদের গায়ে হাত তোলার পাশাপাশি হাতাহাতিতেও জড়িয়ে পড়েন অভিযুক্তরা বলে অভিযোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত ইকো পার্ক থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় থানার পুলিশ। এরপর তিন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তাঁদের আদালতে পেশ করা হবে। পাশাপাশি, তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে, আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের কাছে পুলিশের গায়ে হাত তোলার কারণ জানতে চাওয়া হলেও তাঁরা কোনও উত্তর দেননি। পেশায় শিক্ষক হয়েও এমন ঘটনায় জড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁদের আচরণ নিয়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




