কেয়া মণ্ডল, বীরভূম: এবার টুলু মণ্ডলের ঘনিষ্ঠ এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম আজমল হক। তিনি নলহাটি থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন বলে সূত্রে খবর। মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের সঙ্গে আজমল হকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। নলহাটি থানায় কর্মরত থাকার সময় টুলু মণ্ডলের হয়ে বিভিন্ন বিষয়ে যোগাযোগ রাখতেন বলে তদন্তকারীদের দাবি। এমনকি টুলু মণ্ডলের ‘ডাক মাস্টার’ হিসেবেও তিনি কাজ করতেন বলে অভিযোগ উঠেছে।
আজমল হকের বিরুদ্ধে এর আগেও একটি গুরুতর অভিযোগ উঠেছিল। গত জুলাই মাসে বিধাননগর পূর্ব থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এক তরুণী। অভিযোগ, ওই তরুণীকে সল্টলেকের সিএল ব্লকের একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন করা হয়েছিল। ওই ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। পরে আজমল হক জামিন পেয়েছিলেন বলে জানা গিয়েছে।
তবে বর্তমানে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি। গ্রেফতারের পর তাঁকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর সঙ্গে টুলু মণ্ডলের কী ধরনের যোগাযোগ ছিল এবং টুলু মণ্ডলের হয়ে তিনি কোনও বেআইনি কাজে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনাটি
খতিয়ে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
এর আগে টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সায়গল হোসেন। টুলুর দুর্নীতিকাণ্ডে পুলিশের জালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল। সূত্রের খবর, এই সায়গল হোসেনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ১২ লক্ষ ৮৪ হাজার টাকা, ১৫০-র বেশি জমির দলিল। এবার টুলু মণ্ডল ঘনিষ্ঠ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হল।