বর্ধমান: তামিলনাড়ুর রাজনীতি পেরিয়ে এ বার বাংলার মাটিতেও সংগঠন গড়ার কাজ শুরু করল সি জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজ়াগম বা TVK। রবিবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উপস্থিত ছিলেন TVK-র পশ্চিমবঙ্গের আহ্বায়ক চৈতালি রায়-সহ বিভিন্ন জেলার নেতারা। তাঁদের বক্তব্য, এখনই সরাসরি রাজনৈতিক কর্মসূচি বা ভোটের ময়দানে নামার বদলে
সামাজিক কাজের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছনোই দলের প্রাথমিক লক্ষ্য।
ফাগুপুরে দলীয় কার্যালয় খোলার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে TVK-র সাংগঠনিক পথচলার আনুষ্ঠানিক সূচনা হল বলে দাবি দলের রাজ্য নেতৃত্বের। আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে সংগঠন বিস্তার করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।
TVK-র পশ্চিমবঙ্গের আহ্বায়ক চৈতালি রায়ের বক্তব্য, তামিলনাড়ু থেকে তাঁদের কাছে নির্দেশ এসেছে—যে সব রাজ্যে দলের সংগঠন তৈরি হচ্ছে, সেখানে প্রথম পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে হবে। সেই নির্দেশ মেনেই বাংলাতেও সংগঠন বিস্তারের শুরুতে সামাজিক কাজকে সামনে রাখা হচ্ছে।
অর্থাৎ আপাতত মিছিল-মিটিং কিংবা নির্বাচনী রাজনীতির চেয়ে মানুষের পাশে দাঁড়ানোই অগ্রাধিকার। সামাজিক কর্মসূচির মাধ্যমে স্থানীয় স্তরে পরিচিতি তৈরি, কর্মী-সমর্থক বাড়ানো এবং ধাপে ধাপে জেলার বিভিন্ন এলাকায় সংগঠন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে TVK-র বঙ্গ নেতৃত্ব। ফাগুপুরের কার্যালয়কে ঘিরে রবিবার দলের স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়। দলের নেতাদের বক্তব্য, এটি শুধু একটি অফিস খোলা নয়, পশ্চিমবঙ্গে সংগঠন তৈরির প্রথম সাংগঠনিক পদক্ষেপ। আগামী দিনে জেলার পর জেলা ধরে সংগঠনের বিস্তার ঘটানো হবে।
দক্ষিণ ভারতের রাজনীতিতে অবশ্য TVK এখন আর শুধুই নতুন দল নয়। দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সি জোসেফ বিজয় ১০ মে ২০২৬ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। TVK-র নেতৃত্বে তামিলনাড়ুতে সরকারও তৈরি হয়েছে।
এক সময় রুপোলি পর্দার জনপ্রিয় নায়ক হিসেবে পরিচিত বিজয় ২০২৪ সালে সক্রিয় রাজনীতিতে পা রাখেন এবং TVK প্রতিষ্ঠা করেন। ‘মাস্টার’, ‘লিও’, ‘থুপাক্কি’-র মতো ছবির তারকা হিসেবে তাঁর জনপ্রিয়তা তামিলনাড়ুর বাইরেও বিস্তৃত। এখন সেই জনপ্রিয় মুখের রাজনৈতিক দলই ধীরে ধীরে দক্ষিণ ভারতের বাইরে সংগঠন তৈরির চেষ্টা করছে।
বাংলায় TVK-র আত্মপ্রকাশ তাই নিছক একটি দলীয় কার্যালয় খোলার ঘটনা নয়—এর মধ্যে জাতীয় স্তরে সংগঠন বিস্তারের সম্ভাবনার ইঙ্গিতও দেখছেন দলের রাজ্য নেতৃত্ব। তবে পশ্চিমবঙ্গে আগামী দিনে TVK সরাসরি নির্বাচনী রাজনীতিতে নামবে কি না, তা নিয়ে রবিবার কোনও নির্দিষ্ট ঘোষণা করেনি দল। আপাতত সামাজিক কাজ এবং জনসংযোগের মাধ্যমেই বাংলার মাটিতে নিজেদের জায়গা তৈরি করতে চাইছে বিজয়ের দল।ফাগুপুর থেকে শুরু। এর পর লক্ষ্য জেলার পর জেলা। তামিলনাড়ুতে সরকার গড়ার পর এ বার বাংলার মাটিতে সংগঠনের ‘খাতা’ খুলল বিজয়ের TVK।
