আজ ৯ অগাস্ট, আরজি কর-কাণ্ডের দু’বছর পার। এই দু’বছরে অনেক কিছু ঘটে গিয়েছে রাজ্যে। কিন্ত মেয়েকে হারানোর যন্ত্রণা এখনও একই রকম রয়েছে বাবা-মায়ের। এরই মধ্যে সামনে এল নির্যাতিতার পরিবারের দীর্ঘ লড়াইয়ের কথা। তবে সেই যন্ত্রণার মধ্যেই বিচার পাওয়ার আশায় তদন্তের দিকে তাকিয়ে পরিবার।
নির্যাতিতার বাবা জানান, সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েকে আর ফিরে পাওয়া সম্ভব নয়। এখন তাঁদের একমাত্র লক্ষ্য সঠিক বিচার নিশ্চিত করা। আগে একতরফাভাবে লড়াই চালাতে হলেও এখন রাজ্য সরকারও তাঁদের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, “আগে একতরফা চলত, এখন রাজ্য সরকারও পুরো সাহায্য করছে যাতে সঠিক বিচার পাওয়া যায়।”
তদন্তের ক্ষেত্রেও নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন অভয়ার বাবা। তাঁর দাবি, সিবিআই পুরনো তদন্তকারী দল সরিয়ে নতুন টিম গঠন করেছে। নতুন দলও বিভিন্ন তথ্য সংগ্রহ করছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরিবারের তরফেও তদন্তের অগ্রগতি নিয়ে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।