কলকাতা, নিউজ ডেস্ক: পার্কস্ট্রিটে ফুটপাথ দখলমুক্ত অভিযানে মেজাজ হারিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। প্রকাশ্য রাস্তায় উনুন জ্বালিয়ে দুধ গরম করায় ফুটপাথবাসিকে 'কড়া ধমক' দিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রীর দরবারে যান ফুটপাথবাসী মহিলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে পেয়েছিলেন আশ্রয়ের আশ্বাস। কিন্তু কলকাতা পুরসভা যে আশ্রয়ের ব্যবস্থা করেছে,সেখানে থাকতে রাজি নয় সীতা ওরফে রশিদা।
জানা গিয়েছে, বেলেঘাটা ও রামমোহন রায় রোড, দুটি আশ্রয়ে নিয়ে গেলেও থাকতে চাননি ওই ফুটপাথবাসী। কিন্তু তাঁর বড় মেয়ে সরকারি আশ্রয়ে থেকে গিয়েছেন। কিন্তু সে জানে না কোথায় আছেন মা এবং তাঁর ছোট দুই মেয়ে। বিজেপি সূত্রে খবর, 'নিরাপদ আশ্রয়ে আছেন সীতা ও দুই মেয়ে। দলের কর্মীদের বাড়িতে আছেন।'
প্রসঙ্গত, পার্ক স্ট্রিটের ব্যস্ত ফুটপাথের উপরে বাচ্চার দুধ জাল দিতে দেখে রেগে ধমক দিয়েছিল পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল৷ সেখান থেকেই শুরু হয় বিতর্ক৷ ভিডিও ছড়িয়ে পড়েই বিতর্কের ঝড় উঠেছিল৷ প্রথমে নিজের বক্তব্যেই অনড় ছিলেন পুরমন্ত্রী৷ পরে ফেসবুকে ভিডিয়ো করে পার্ক স্ট্রিট বিতর্কে কিছুটা সুর নরম করেছেন পুরমন্ত্রী৷ ছিল৷ তিনি বলেন,'কোনও শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। বরং ব্যস্ত রাস্তার ধারে একটি শিশুকে হামাগুড়ি দিতে দেখা যাওয়ায় নিরাপত্তার কথা মাথায় রেখেই সরে যেতে বলা হয়েছে।'
এরপরেই সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হন পার্ক স্ট্রিটের ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করতে দেখা সেই মহিলা। মঙ্গলবার দুপুরে কোলে শিশুকে নিয়ে বিজেপি দফতরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সীতাদেবী। তাঁকে ফুটপাথে না থেকে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কিন্তু, পুরসভার আশ্রয়ে থাকতে নারাজ সীতা।