স্পোটস ডেস্ক: বিস্ফোরক ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীর ছোটবেলার কোচ মণীশ ওঝা । তোপ দাগলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে । এক সর্বভারতীয় সংবাদমাধমে ওঝা বলেন, টিম ম্যানেজমেন্টে একনায়কতন্ত্র চলছে ।
আইপিএল-এ ব্যাট হাতে দাপট দেখিয়ে জায়গা হয়েছে ভারতীয় দলে । বেবি বস ভারতের জার্সিতে নিজেকে প্রমাণ করেছে। ভারতের হয়ে ৮টা ম্যাচ খেলেছেন। তার মধ্যে পাঁচটা ম্যাচ ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে- এশিয়ান গেমসে ও জিম্বাবোয়ে সিরিজে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে টানা তিন ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি বৈভব সূর্যবংশীর। আর এতেই ফুঁসছেন বৈভবের ছোটবেলার কোচ মণীশ ওঝা।
এই নিয়ে এক সাক্ষাৎকারে ওঝা বলেন,” বর্তমান ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করছে, বেঞ্চে বসিয়ে রেখেই ক্রিকেটার তৈরি করা যায়। কিন্তু ক্রিকেটের বহু কিংবদন্তির সঙ্গে কথা বলুন, প্রত্যেকেই বলবেন পরবর্তী প্রজন্মের ক্রিকেটার তৈরি করতে হলে তাঁদের পরিস্থিতির মধ্যে ফেলতে হয়, খেলাতে হয়। বেঞ্চে বসে কোনও ক্রিকেটার তৈরি হয়নি, ভবিষ্যতেও হবে না। টিম ম্যানেজমেন্ট ঠিক করেই রেখেছে বৈভবকে সুযোগ দেওয়া হবে না। পুরো স্বৈরাচারীর মতো আচরণ করছে। যা ইচ্ছা তাই করছে।”
এখানেই না থেমে ওঝা আরও বলেন,” হয়তো ওরা ঠিক করে ফেলেছে যে এই ছেলেটাকে সুযোগই দেওয়া হবে না। বাইরে রেখে এতটাই হতাশ করে দেওয়া হবে যে ও ভাবতে শুরু করবে, দলে আমার কোনও প্রয়োজনীয়তা নেই। বাইরে বসে থাকলে একটা সময় হতাশা তৈরি হয়। এভাবে বৈভবকে হতাশ করা হচ্ছে। বাইরে বসে থাকলে তখন মনে হবে, আপনার কোনও দরকার নেই। অথচ মাঠে নামলে খেলায় আরও পরিণতি আসে। তার বদলে শুধু জল দিচ্ছে। তবে এটাও বলে রাখি, বৈভব হল ঝড়। যে ওর মোকাবিলা করতে আসবে, সে চুরমার হয়ে যাবে। এই ঝড় বহুদিন থাকবে। তার পারফরম্যান্স সূর্যের মতো জ্বলজ্বল করবে। ওর মধ্যে সেই প্রতিভা আছে।”
বৈভবের ছোটবেলার কোচের বেবি বসের প্রতিভা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই । তিনি বিশ্বাস করেন, যখনই বৈভব ব্যাট হাতে নামবেন তখনই তাঁর ব্যাট কথা বলবে । ২০২৬ সালের জুলাইয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় বৈভবের । এখনও পর্যন্ত আটটি টি-২০ ম্যাচে ২৪৬ রান করেছেন বেবি বস । স্ট্রাইক রেট ১৮৬।
