মানুষ অমর না হলেও অমর হয়ে যায় শিল্পীর শিল্প সত্তা। বাংলার লোকসঙ্গীতে আরো এক নক্ষত্র পতন। চলে গেলেন লোকগায়ক স্বাগত দে। তার মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত মহলে।
সোনা বন্ধু রে থেকে শুরু করে ময়না ছলাৎ ছলাৎ একের পর এক কালজয়ী গান উপহার দিয়েছিলেন তিনি শ্রোতাদের। এই গানের মধ্যে দিয়েই তিনি থেকে যাবেন বাঙালির স্মৃতিতে। ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। গায়িকা থেকে অভিনেত্রী সকলেই শোক প্রকাশ করেছেন তার অকাল প্রয়াণে।
সমাজমাধ্যমে তার না থাকার কথাটি নিশ্চিত করে জোজো লেখেন, তারাদের দেশে ভালো থেকো স্বাগত দা। ওম শান্তি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, স্বাগত দা.... গায়ক স্বাগত দা.... আর নেই। কেমন যেন হয়ে গেলাম খবরটা পেয়ে...! ছোটবেলাটা ফিরে এলো.... Flashback এর মত। সহ শিল্পীদের গলায়ও একই সুর, মনে নিতে পারছিনা।
বাংলার লোকসংগীত হারালো এক প্রতিবান শিল্পীকে। তার মৃত্যু যেন সেই সময়কার শিল্পীদের মানসিক ভাবে ভেঙে দিয়েছে। লোকসংগীত শিল্পী দেব চৌধুরী বলেন, ও তো আমাদের সমসাময়িক ছিল। বড় ক্ষতি হয়ে গেলো আমাদের। খবরটা মানতে পারছি না।
এই খবরে শোকস্তব্ধ তার অনুরাগীরা। ইতিমধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পছন্দের শিল্পীর মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তবে শিল্পীর মৃত্যু হয়না কখনো। শিল্পী স্বাগত দেও বেঁচে থাকবেন মানুষের ভালোবাসায়।