কলকাতা, অঙ্কন দাস: কাজে বেরোনোর আগে জেনে নিন আজকের (১৮ই অগাস্ট, ২০২৬)- র আবহাওয়া। আগামী দুই দিন আরও বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। নিম্নচাপের কারণে কয়েকটি জেলায় 'সতর্কতা' জারি। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সংলগ্ন একাধিক জেলায়। আজ এবং কাল, ১৮ই এবং ১৯শে অগাস্ট দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
আজ মঙ্গলবার কলকাতায় প্রথমে মাঝারি এবং পরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এমনটাই জানা যাচ্ছে। বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপটির উৎস বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে অঝোরে ঝড়বৃষ্টি হবে। মঙ্গলবারের পর শহরে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, এমনটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস।
মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা আপাতত নেই।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও একই পূর্বাভাস। আজ এই জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দফতর। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের আবহাওয়ার পূর্বাভাস একই থাকবে।উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ওপরের পাঁচ জেলায়। আজ আলিপুরদুয়ার, দার্জিলিঙেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহারের মতো উত্তরের বাকি জেলায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
নিম্নচাপের কারণে সমুদ্রে ঝোড়ো হাওয়া বহমান।এর বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এর প্রভাবে সমুদ্রে উত্তাল পরিস্থিতি। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ তথা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।