পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে সীমান্ত বেড়া নির্মাণের জন্য ১,০২৪.৭৫ একর জমি সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ (BSF)-এর হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেন তিনি।
পোস্টে মুখ্যমন্ত্রী জানান, দেশের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষা কেন্দ্র সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ভারত-বাংলাদেশ সীমান্তে প্রয়োজনীয় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে। তাঁর দাবি, এখনও পর্যন্ত মোট ১৭২.৬ কিলোমিটার সীমান্তজুড়ে বেড়া নির্মাণের জন্য ১,০২৪.৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে BSF-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
জেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি জমি হস্তান্তর হয়েছে মুর্শিদাবাদে। সেখানে ৪৫.৪ কিলোমিটার সীমান্তের জন্য ৩৩৭ একর জমি দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৪২.০৭ কিলোমিটার এলাকার জন্য ২৪১.০৩ একর, কোচবিহারে ৩৯.৩৯ কিলোমিটারের জন্য ১৩৫.৩৩ একর, মালদায় ২০.১৫ কিলোমিটারের জন্য ১৭৬.৭৮ একর এবং নদিয়ায় ১৪.৭৯ কিলোমিটারের জন্য ৯৫.১১ একর জমি হস্তান্তর করা হয়েছে।
এছাড়া দক্ষিণ দিনাজপুরে ৭.৭৫ কিলোমিটারের জন্য ২৬.৪১ একর, দার্জিলিংয়ে ১.৪৫ কিলোমিটারের জন্য ৪.৩১ একর, উত্তর দিনাজপুরে ১.২৮ কিলোমিটারের জন্য ৬.৬১ একর এবং জলপাইগুড়িতে ০.৩১ কিলোমিটারের জন্য ২.১৭ একর জমি BSF-এর হাতে তুলে দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি।
তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষার এই প্রকল্প দ্রুত সম্পন্ন করে দেশের নাগরিকদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।