রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই পঞ্চায়েত আইনে সংশোধনের লক্ষ্যে একটি নতুন বিল পেশ করা হতে পারে। প্রস্তাবিত এই সংশোধনের ফলে পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
আগামী ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সেই অধিবেশনেই নতুন বিলটি পেশ করার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারের দাবি, পঞ্চায়েত স্তরে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, “পঞ্চায়েতের দুর্নীতির জন্য সরকারের দিকে আঙুল ওঠে। তাই আর্থিক লেনদেনের প্রক্রিয়ায় বদল আনতে এই আইন আনা হবে।” তিনি আরও জানান, নতুন আইনে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড়ের দায়িত্ব প্রধানদের হাত থেকে সরিয়ে সচিবদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ, ভবিষ্যতে পঞ্চায়েত প্রধানরা আর সরাসরি অর্থ প্রদান বা আর্থিক লেনদেনের দায়িত্বে থাকবেন না।
বর্তমানে পঞ্চায়েতের অধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অর্থ ছাড়ের ক্ষমতা প্রধানদের হাতে রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রকল্পে অর্থের অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের প্রকল্পে অনিয়ম নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটেই আর্থিক লেনদেনের দায়িত্ব প্রশাসনিক আধিকারিকদের হাতে তুলে দিয়ে স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
সরকারের মতে, আর্থিক সিদ্ধান্ত গ্রহণ ও অর্থ ছাড়ের ক্ষেত্রে প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানো গেলে দুর্নীতির সম্ভাবনা অনেকটাই কমবে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আগামী ২২ জুলাই বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করা হবে। ওই দিন বাজেটের উপর প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগে পঞ্চায়েত আইনে সংশোধনী বিল পেশ হলে তা অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।