দক্ষিণী সুপারস্টার প্রভাসের ছবি ফৌজি-র শুটিং চলাকালীন অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুটিং সেটে বিষাক্ত পোকা বা মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার সংক্রমণ বেড়েছে এবং এখনও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এই ঘটনার পর শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের পক্ষ থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের আবেদন করা হয়েছে। তাদের বক্তব্য, শুটিং সেটে কীভাবে বিষাক্ত পোকা বা মাকড়সা পৌঁছল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি।
জানা গিয়েছে, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ফৌজি ছবির শুটিং চলাকালীন আচমকাই রাজেশ শর্মা অনুভব করেন যে তাঁকে কোনও পোকা কামড়েছে। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে তিনি শুটিং শেষ করে কলকাতায় ফিরে আসেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ডান পায়ে তীব্র ব্যথা ও সংক্রমণ শুরু হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়।
AICWA-র সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা এক বিবৃতিতে একাধিক প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, শুটিং সেটে পর্যাপ্ত জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল কি না, নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল মেনে চলা হয়েছিল কি না এবং বিষাক্ত পোকার কামড়ের পর অভিনেতাকে সঙ্গে সঙ্গে হায়দরাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল না কেন? এসব বিষয়ের স্পষ্ট উত্তর দিতে হবে।
সংগঠনের আরও দাবি, রাজেশ শর্মার চিকিৎসার সমস্ত ব্যয় প্রযোজনা সংস্থার বহন করা উচিত। তদন্তে যদি নির্মাতাদের কোনও গাফিলতি প্রমাণিত হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কাছে।
এই ঘটনার পর ফের একবার সিনেমার শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ সামনে আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে।




