মুম্বই: ‘বলিউড’ নয়, তিনি পরিচিত হতে চান ‘ভারতীয় অভিনেতা’ হিসেবে! নিজের পরিচয় নিয়ে এবার স্পষ্ট অবস্থান জানালেন রণবীর কাপুর। সাধারণত হিন্দি সিনেমার জগতকে বলিউড নামেই চেনেন দর্শক। কিন্তু এই পরিচয়ে বিশেষ স্বচ্ছন্দ নন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বলিউড’ শব্দটির প্রতি নিজের আপত্তির কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সিনেমামহলে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি লন্ডনে নিজের আগামী ছবি ‘রামায়ণ’-এর প্রচারে গিয়েছিলেন রণবীর। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী এবং অভিনেতা যশ। ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ভারতীয় সিনেমাকে বোঝাতে ব্যবহৃত ‘বলিউড’ শব্দটি কেন তাঁর পছন্দ নয়?
উত্তরে রণবীর জানান, ‘বলিউড’ শব্দটি আসলে হলিউডের অনুকরণে তৈরি। একসময় মুম্বইকেন্দ্রিক হিন্দি সিনেমার জগতকে বোঝাতেই এই নামের প্রচলন শুরু হয়। একইভাবে তেলুগু সিনেমার ক্ষেত্রে টলিউড এবং কন্নড় সিনেমার ক্ষেত্রে কলিউডের মতো নাম ব্যবহার করা হয়েছে। কিন্তু তাঁর মতে, ভারতীয় সিনেমাকে এভাবে নির্দিষ্ট কিছু পরিচয়ের মধ্যে আটকে রাখা উচিত নয়।
রণবীরের কথায়, ভারত এমন একটি দেশ যেখানে বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং রাজ্যের বৈচিত্র্য রয়েছে। কিন্তু শিল্পের কোনও সীমানা নেই। তাই তিনি নিজেকে কোনও নির্দিষ্ট চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভিনেতা হিসেবে নয়, বরং একজন ভারতীয় অভিনেতা হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন।
তিনি আরও বলেন, নিজের সংস্কৃতি ও শিকড় থেকে উঠে আসা খাঁটি গল্পই বিশ্বজুড়ে দর্শকের মন জয় করতে পারে। আন্তর্জাতিক দর্শকদের খুশি করার জন্য নিজের গল্পের স্বকীয়তা নষ্ট করা উচিত নয়। বরং নিজেদের সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরাই শিল্পীদের লক্ষ্য হওয়া প্রয়োজন।
এদিকে রণবীরের কেরিয়ারের অন্যতম বড় প্রজেক্ট ‘রামায়ণ’ নিয়েও উত্তেজনা তুঙ্গে। নীতেশ মালহোত্রার প্রযোজনায় তৈরি এই ছবিতে রামের চরিত্রে দেখা যাবে রণবীরকে। সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং হনুমানের চরিত্রে অভিনয় করছেন সানি দেওল।
দুই পর্বে মুক্তি পাওয়ার কথা এই মহাকাব্যিক ছবির। প্রথম পর্বের মুক্তির নির্ধারিত তারিখ ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা আগামী বছরের দীপাবলিতে। এবার দেখার, রণবীরের এই নতুন ভাবনা এবং ‘রাম’ অবতার দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে।




