মুম্বই: পোশাক থেকে গয়না, নীতা অম্বানির ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই নজর কাড়ে। তবে এবার তাঁর সাজের থেকেও বেশি চর্চায় উঠে এসেছে একটি বিশেষ ব্রোচ। দেখতে অনেকটা ফড়িংয়ের মতো। আর তার দাম শুনলে সত্যিই চোখ কপালে উঠবে! আনুমানিক ১.৫ থেকে ১.৮ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা।
সম্প্রতি ‘দ্য লাইব্রেরি’ নামে একটি নতুন জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর তথা নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা নীতা অম্বানি। সেখানেই তাঁর পোশাকের সঙ্গে নজর কেড়েছে ‘সোয়ারিং স্পিরিট’ (Soaring Spirit) নামের এই বিশেষ ব্রোচ। বিখ্যাত জুয়েলারি শিল্পী ওয়ালেস চ্যানের তৈরি এই গয়নাটি শুধুমাত্র দামি রত্নের সমাহার নয়, এর পিছনে রয়েছে দীর্ঘ এক দশকের শিল্পকর্ম।
কী কী রয়েছে এই ব্রোচে?
এই অসাধারণ ব্রোচটি তৈরি করতে শিল্পী ওয়ালেস চ্যানের সময় লেগেছে প্রায় ১০ বছর। ২০১৭ সালে শুরু হয়েছিল এর কাজ। এতে ব্যবহার করা হয়েছে ১৭৬৭ ক্যারেটের সাভোরাইট গারনেট, বিভিন্ন রঙের হলুদ ও ফ্যান্সি ডায়মন্ড, রুবি, পিঙ্ক স্যাফায়ার এবং টাইটানিয়াম। প্রতিটি উপাদানের নিখুঁত ব্যবহার গয়নাটিকে দিয়েছে এক অনন্য রূপ।
কেন ফড়িংয়ের আদলে তৈরি এই গয়না?
ফড়িং বা ড্রাগনফ্লাইকে স্বাধীনতা, স্বপ্ন এবং অসীম সম্ভাবনার প্রতীক হিসেবে ধরা হয়। সেই ভাবনাকেই গয়নার নকশায় ফুটিয়ে তুলেছেন শিল্পী। ব্রোচটির ডানার নকশায় রয়েছে প্রাচীন গণনাযন্ত্রের অনুপ্রেরণা। অন্যদিকে, শরীর তৈরিতে ব্যবহৃত হয়েছে টাইটানিয়াম। এই বিশেষ ধাতুর নমনীয়তার কারণে পরিধানকারীর শরীরের নড়াচড়ার সঙ্গে মানিয়ে নিতে পারে গয়নাটি।
অনুষ্ঠানে নীতা অম্বানির সাজেও ছিল আভিজাত্যের ছোঁয়া। তিনি পরেছিলেন বেইজ রঙের স্টাইলিশ প্যান্টস্যুট। খোলা চুলে সফ্ট ওয়েভস এবং ব্যক্তিগত হিরের গয়নাতেও সেজেছিলেন তিনি। তবে সমস্ত আকর্ষণ ছাপিয়ে গিয়েছে তাঁর পোশাকে থাকা কয়েক কোটি টাকার এই বিশেষ ফড়িং ব্রোচ। দাম, নকশা আর তৈরির পিছনে দীর্ঘ পরিশ্রম সব মিলিয়ে ফের আলোচনার কেন্দ্রে নীতা অম্বানির বিলাসবহুল ফ্যাশন।




